শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানের কিনজা হাশমী

বিনোদন স্পেশাল

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের দীর্ঘ ২৭ বছরের বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ারে যুক্ত হতে চলেছেন নতুন এক আন্তর্জাতিক মুখ। দেশ-বিদেশের ৭০ জনের বেশি নায়িকার পর এবার ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিবের বিপরীতে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীর।

আসন্ন নতুন সিনেমা ‘মহব্বত’-এ শাকিব খানের প্রধান নায়িকা হিসেবে এই পাকিস্তানি তারকার নাম চূড়ান্ত হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। যদিও এখন পর্যন্ত সিনেমার পরিচালক কিংবা সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবুও এ নিয়ে দুই বাংলার মিডিয়াপাড়ায় জল্পনা-কল্পনার অন্ত নেই। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকঢোল পিটিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনা শুরু হয়।

শুরুতে গুঞ্জন উঠেছিল, পাকিস্তানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় অভিনেত্রী এই প্রজেক্টে যুক্ত হতে পারেন। সে তালিকায় হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দূর-ই-ফিশান সেলিমের মতো জনপ্রিয় তারকাদের নাম জোরালোভাবে শোনা গিয়েছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, পাকিস্তানের খ্যাতিমান অভিনেত্রী কিনজা হাশমীই চূড়ান্ত হয়েছেন। শোনা যাচ্ছে, ইতোমধ্যে তার সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।

তবে নায়িকা চূড়ান্ত হলেও এখনই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে নারাজ প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভার্সেটাইল মিডিয়া’। দর্শকের মধ্যে কৌতূহল বজায় রাখতে ও বড় চমক তৈরি করতে জমকালো কোনো আয়োজনের মাধ্যমে তাকে পরিচয় করানোর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সম্প্রতি মুক্তি পাওয়া ‘মহব্বত’-এর প্রথম অফিসিয়াল পোস্টারেও রাখা হয়েছে রহস্যের সুক্ষ্ম ছোঁয়া। সেখানে শাকিব খানের পাশে কেবল লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরিহিতা এক রহস্যময়ী নারীর হাত দেখা গেলেও, সচেতনভাবেই তার মুখটি আড়ালে রাখা হয়েছে।

পাকিস্তানের ছোট পর্দার অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ কিনজা হাশমী। ২০১৪ সালে অভিনয়ে পা রাখার পর থেকেই নিজের সাবলীল অভিনয় গুণে তিনি দর্শকের মন জয় করে নেন। বিশেষ করে জনপ্রিয় নাটক ‘ইশক তামাশা’-তে ‘রুশনা’ চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি রাতারাতি তারকাখ্যাতি পান। পরবর্তীতে ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ এবং ‘মেরে বান জাও’-এর মতো আলোচিত ও ব্যবসাসফল নাটকে কাজ করে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায়ও কাজ করেছেন তিনি; তার অভিনীত ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’ সিনেমা বেশ প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও মডেলিং জগতেও কিনজার ব্যাপক সুখ্যাতি রয়েছে। এবার বাংলাদেশের প্রধানধারার চলচ্চিত্রে নাম লেখানোর মধ্য দিয়ে তার অভিনয় জীবনে এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সাথে বিদেশি নায়িকাদের জুটি বাঁধার বিষয়টি নতুন কিছু নয়। এর আগেও কলকাতার জনপ্রিয় অভিনেত্রীদের দীর্ঘ তালিকায় শ্রাবন্তী চ্যাটার্জি, পাওলি দাম, শুভশ্রী গাঙ্গুলী, স্বস্তিকা মুখার্জি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ইধিকা পাল, দর্শনা বণিক ও মিমি চক্রবর্তীর মতো তারকারা শাকিবের বিপরীতে পর্দা ভাগ করেছেন। এমনকি বলিউডের সোনাল চৌহানসহ বিভিন্ন দেশের শিল্পীরাও তার সাথে কাজ করেছেন।

বিশেষ করে শাকিব খান ও পরিচালক হিমেল আশরাফ জুটির আগের ব্যবসাসফল সিনেমাগুলোতেও এই ধারা বজায় ছিল। ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান কলকাতার ইধিকা পাল। পরবর্তীতে এই জুটির দ্বিতীয় চলচ্চিত্র ‘রাজকুমার’-এ শাকিবের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফিকে। সেই সফল ধারাবাহিকতা বজায় রেখেই এবার পাকিস্তানের জনপ্রিয় কিনজা হাশমীকে পর্দায় নিয়ে আসছেন নির্মাতারা।

প্রযোজনা সূত্রে জানা গেছে, আগামী বছরের (২০২৭) জানুয়ারির প্রথম সপ্তাহে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিনেমাটির দৃশ্যধারণ বা শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সব প্রস্তুতি ঠিকঠাক থাকলে শুটিং শেষ করে আগামী বছর পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রতীক্ষিত এই সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *