লাইটারেজ জাহাজের তীব্র সংকটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে খাদ্য, সার ও শিল্পের কাঁচামালবাহী প্রায় ৯০টির বেশি বড় জাহাজ বহির্নোঙরে আটকা পড়ে আছে, যা আমদানি ব্যয় ও বাজারদরে চাপ সৃষ্টির আশঙ্কা তৈরি করেছে।
লাইটার জাহাজ না পাওয়ায় বর্তমানে ২০ থেকে ৩০টি মাদার ভেসেল পণ্য খালাস করতে না পেরে পুরোপুরি অলস বসে আছে। বাকি প্রায় ৬০টি জাহাজে কাজ চললেও লাইটারের অভাবে তা চলছে অত্যন্ত ধীরগতিতে।
পরিসংখ্যান বলছে, গত ৯ নভেম্বর ৫৭ হাজার ৭৮৫ টন মটর নিয়ে বহির্নোঙরে আসে এম ভি প্যাসিফিক চ্যাম্প। স্বাভাবিক সময়ে দুটি লাইটার জাহাজ দিয়ে এই পণ্য খালাসে সর্বোচ্চ ১২ দিন সময় লাগলেও এখন পর্যন্ত খালাস হয়েছে মাত্র সাড়ে ৩৩ হাজার টন, বাকি পণ্য নামাতে আরও ১২ দিনের বেশি সময় লাগবে।
একই চিত্র দেখা গেছে ১৮ নভেম্বর সয়াবিন নিয়ে আসা এম ভি ইফি মার্সিনের ক্ষেত্রেও। প্রতিদিন অন্তত চারটি লাইটার জাহাজের প্রয়োজন হলেও জাহাজটি এখন পর্যন্ত মাত্র একটি লাইটার বরাদ্দ পেয়েছে।
ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চট্টগ্রামের (আইভোয়াক) সহসভাপতি পারভেজ আহমেদ জানান, প্রতিদিন প্রতিটি মাদার ভেসেলে সর্বনিম্ন দুটি করে লাইটার প্রয়োজন হলেও গত ১৪ তারিখ থেকে মাত্র চার দিন জাহাজ বরাদ্দ দিতে পেরেছে ওয়াটার ট্রান্সপোর্ট সেল। বাকি ১০ দিন কোনো বরাদ্দই দেওয়া সম্ভব হয়নি।
খালাস কার্যক্রমে এই দীর্ঘসূত্রতার কারণে আমদানিকারক ও শিপিং এজেন্টদের ওপর বিপুল আর্থিক চাপ তৈরি হচ্ছে। বড় আকারের একটি মাদার ভেসেল অলস বসে থাকলে দৈনিক ৩৫ হাজার থেকে ৪০ হাজার ডলার, এমনকি ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশি ভাড়া বা ডেমারেজ গুনতে হচ্ছে।
বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. সালাহউদ্দিন চৌধুরী জানান, বিরোধে জড়িত পক্ষগুলোর সমাধান না আসায় ক্ষতির পরিমাণ প্রতিদিন বাড়ছে। তিনি সংশ্লিষ্ট তিন পক্ষকে দ্রুত আলোচনায় বসে সংকট নিরসনের আহ্বান জানান।
সংশ্লিষ্টদের হিসাবে, চট্টগ্রাম রুটে চলাচলের জন্য বরাদ্দ করা প্রায় এক হাজার ৮০০ লাইটার জাহাজের মধ্যে মাত্র ৬০০টি বিডব্লিউটিসিসির সিরিয়াল ব্যবস্থার আওতায় পরিচালিত হয়। আরও ৪০০ থেকে ৪৫০টি জাহাজ এই ব্যবস্থার বাইরে চলাচল করছে এবং প্রায় ৪৫০টি জাহাজ অন্য নদীপথে চলে গেছে।
বাকি ২০০ থেকে ৩০০টি জাহাজের বর্তমান অবস্থান ও কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই। এরই মধ্যে সিরিয়ালভিত্তিক বরাদ্দব্যবস্থা লঙ্ঘনের অভিযোগে শতাধিক লাইটার জাহাজের রেজিস্ট্রেশন ও বে-ক্রসিং সনদ স্থগিত করেছে নৌপরিবহন অধিদপ্তর, যা চলমান সংকটকে আরও ঘনীভূত করেছে।
অধিদপ্তরের এই সিদ্ধান্তের সমালোচনা করে শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি সরওয়ার হোসেন বলেন, জাহাজ সংকটের মধ্যে শতাধিক জাহাজের চলাচল বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে এবং এই আর্থিক ক্ষতির দায় কে নেবে তা স্পষ্ট নয়।
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর শফিউল বারী মনে করেন, এই সংকটের প্রধান কারণ নদীবন্দরের অপর্যাপ্ত অবকাঠামো ও পণ্য খালাসের সীমিত সক্ষমতা। তাঁর মতে, বন্দরের একসঙ্গে ৫০টি জাহাজ পরিচালনার সক্ষমতা থাকলেও বহির্নোঙরে ৯০টি মাদার ভেসেল অবস্থান করায় স্বাভাবিকভাবেই সংকট তৈরি হয়েছে।
খাত সংশ্লিষ্টরা জানান, ৫০ হাজার টন ধারণক্ষমতার একটি মাদার ভেসেল থেকে নিয়মিত পণ্য খালাসে প্রতিদিন তিন থেকে চারটি লাইটার জাহাজ প্রয়োজন হয়। কিন্তু দেশের ১৬টি লাইটারেজ জেটিতে আধুনিক সরঞ্জাম না থাকায় শ্রমিক দিয়ে হাতে হাতে পণ্য খালাস করতে একটি লাইটার জাহাজের আট থেকে ১০ দিন সময় লেগে যাচ্ছে।
ফলে লাইটার জাহাজগুলো নদীবন্দরে এক সপ্তাহের বেশি আটকে থাকায় দ্রুত বহির্নোঙরে ফিরে আসতে পারছে না, যা পুরো পণ্য পরিবহন চক্রকে স্থবির করে দিয়েছে।
অবকাঠামোগত সমস্যার পাশাপাশি লাইটার জাহাজের বরাদ্দ ও তদারকির দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়ে মালিকপক্ষ ও ব্যবসায়ীদের মধ্যে প্রকাশ্য বিরোধ দেখা দিয়েছে। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশ পৃথক কমিটি গঠন করায় এবং নৌপরিবহন অধিদপ্তর আলাদা তদারকি কমিটি গঠনের নির্দেশ দেওয়ায় ব্যবস্থাপনায় বিভক্তি তৈরি হয়েছে।
আইভোয়াক সহসভাপতি পারভেজ আহমেদ বলেন, ভয়েজ গাইডলাইন অনুযায়ী মহাপরিচালকের তত্ত্বাবধানেই কমিটি পরিচালিত হওয়ার কথা এবং একই খাতে দুটি কমিটি থাকলে পুরো খাত ক্ষতিগ্রস্ত হবে।
অন্যদিকে, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি আমিরুল হক সিরিয়াল প্রথার বিরোধিতা করে প্রশ্ন তুলেছেন, মোংলা বা পায়রা বন্দরে এমন ব্যবস্থা না থাকলে চট্টগ্রামে কেন থাকবে। তাঁর মতে, প্রতিযোগিতা কমিশন আইন অনুযায়ী উন্মুক্ত বাজারে সরকার সর্বোচ্চ সীমা নির্ধারণ করতে পারলেও সর্বনিম্ন সীমা বেঁধে দিতে পারে না।
সরওয়ার হোসেনও মুক্তবাজার অর্থনীতির পক্ষে অবস্থান নিয়ে বলেন, আমদানিকারকদের প্রয়োজন ও সাশ্রয়ী মূল্যে জাহাজ বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। উল্লেখ্য, বড় শিল্পগোষ্ঠীগুলোর নিজস্ব জাহাজ থাকলেও অধিকাংশ সাধারণ আমদানিকারক এখনো বিডব্লিউটিসিসির বরাদ্দব্যবস্থার ওপরই নির্ভরশীল।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রতি বছর মাদার ভেসেল থেকে প্রায় ৬ কোটি টন পণ্য খালাস হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে যায়। চলমান এই অচলাবস্থা দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্বলতা ও ব্যবস্থাপনার সমন্বয়হীনতাকে সামনে নিয়ে এসেছে।
ব্যবসায়ীরা সতর্ক করে বলছেন, কেবল জাহাজ বরাদ্দ বাড়িয়ে এই সংকট কাটানো সম্ভব নয়; বরং কার্যকর জাহাজের সঠিক তথ্যভান্ডার তৈরি, কমিটিগুলোর দায়িত্ব স্পষ্ট করা এবং জেটির অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জাহাজের টার্নঅ্যারাউন্ড সময় কমাতে হবে। তা না হলে আমদানিকারকদের এই বাড়তি আর্থিক বোঝা শেষ পর্যন্ত দেশের সাধারণ ভোক্তাদের ওপরই গিয়ে পড়বে।
