লি কিয়াং-তারেক রহমান বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়

জাতীয় স্লাইড

চীনের দালিয়ান প্রদেশে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বেইজিংয়ে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।

দালিয়ান থেকে বুলেট ট্রেনে যাত্রা করে স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে বেইজিং পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্টেশনের প্ল্যাটফর্মেই তাকে অভ্যর্থনা জানানো হয়। দেয়া হয় লালগালিচা সংবর্ধনা; ছিলো গার্ড অব অনারও।

বৃহস্পতিবার চীনা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের আলোচনায়।

এদিন বেইজিং এর দ্য গ্রেট হল অব পিপল-এ চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সই হবে চুক্তি ও সমঝোতা স্মারক। বৈঠকে গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও কর্মসংস্থান।

শুধু চীনা প্রধানমন্ত্রী নয়, বৃহস্পতিবার দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, নীতিনির্ধারকদের সঙ্গেও আলাদা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচি রয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে ওই দিনই ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা সরকার প্রধানের।

এর আগে, বুধবার দিনভর দালিয়ানে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বার্ষিক সম্মেলনসহ নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন তারেক রহমান।

এবারের সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। সাইডলাইন বৈঠকে কাজাখস্তানসহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *