ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দায়িত্ব ছাড়ার আগে আরও তিন থেকে চার মাস পদে থাকতে চাইছেন। এরপর তিনি গাদি আইজেনকোটের হাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব তুলে দিতে পারেন বলে আজ রোববার (২৯ নভেম্বর) দুই নেতার বৈঠকের আগে ইসরাইলি সংবাদমাধ্যমে খবর এসেছে।
জাতীয় ঐক্যের সরকার গঠন সংক্রান্ত আলোচনার টেবিলে নেতানিয়াহু এই নতুন শর্ত বা প্রস্তাব উপস্থাপন করতে পারেন বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম মারিভ। দুই নেতার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকটি আজই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মারিভের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি রাজনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মূলত ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনার বিষয়টি সামনে রেখেই আরও কিছুদিন ক্ষমতায় থাকতে আগ্রহী নেতানিয়াহু। আঞ্চলিক নিরাপত্তা ও সম্ভাব্য সংকট মোকাবিলার যুক্তি দিয়েই তিনি সময় বাড়ানোর কথা ভাবছেন।
তবে শনিবার নেতানিয়াহু যে প্রস্তাব প্রকাশ্যে দিয়েছিলেন, সেখানে এ ধরনের কোনো সময়ের শর্তের উল্লেখ ছিল না। ওই প্রকাশ্য প্রস্তাবে ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় প্রথমে গাদি আইজেনকোটকেই প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা বলেছিলেন তিনি।
ইসরাইলের আরেক প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ ভিন্ন একটি মাত্রা যুক্ত করে জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলার অজুহাতে অনির্দিষ্টকাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থাকতে চান নেতানিয়াহু। তাদের মতে, পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হলে তবেই তিনি ক্ষমতা ছাড়তে রাজি হতে পারেন।
তবে নেতানিয়াহুর এই নতুন প্রস্তাব ও সময় বাড়ানোর চেষ্টার তীব্র বিরোধিতা করছেন গাদি আইজেনকোট। ক্ষমতার পালাবদলে এমন বিলম্ব বা শর্ত জুড়ে দেওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারছেন না বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এদিকে দৈনিক হারেৎজ লিকুদ পার্টির একটি সূত্রের বরাতে জানিয়েছে, ইরানের পক্ষ থেকে অস্তিত্বের জন্য হুমকি তৈরি হয়েছে—এমন যুক্তি দেখিয়ে আইজেনকোটের ক্ষমতা গ্রহণ আরও পিছিয়ে দিতে চাইবেন নেতানিয়াহু। রাজনৈতিক মহলে এই কৌশলকে ক্ষমতার সময় দীর্ঘায়িত করার প্রয়াস হিসেবেই দেখা হচ্ছে।
সব জল্পনা-কল্পনার মাঝে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে সরাসরি আলোচনার জন্য রোববার বৈঠকে বসতে সম্মত হয়েছেন নেতানিয়াহু ও আইজেনকোট। এই বৈঠকের ওপর ইসরাইলের পরবর্তী রাজনৈতিক সমীকরণ অনেকটাই নির্ভর করছে বলে মনে করা হচ্ছে।
এর আগে নেতানিয়াহুর প্রস্তাবের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আইজেনকোট। আইজেনকোটের অভিযোগ ছিল, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি প্রায় তিন সপ্তাহ ধরে সরকার গঠনের আলোচনা ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখেছে এবং সময় ক্ষেপণ করছে।
অন্যদিকে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আইজেনকোটের নিজের জোটের ভেতরেও স্পষ্ট মতবিরোধ দেখা দিয়েছে। লিকুদ পার্টির সঙ্গে মিলে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে, নাকি আরব দলগুলোর সমর্থন নিয়ে বিকল্প সরকার গঠনের চেষ্টা চালানো হবে—এ নিয়ে জোটের শরিকদের মধ্যে একমত হওয়া যাচ্ছে না।
সংসদীয় সংখ্যার হিসাবও বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আইজেনকোটের জোটের হাতে রয়েছে ৪৮টি আসন, যেখানে সরকার গঠনের জন্য ন্যূনতম ৬১টি আসনের সমর্থন প্রয়োজন। অপরদিকে, পার্লামেন্টে আরব দলগুলোর আসনসংখ্যা ১৯টি।
আইনগত সময়সীমা অনুযায়ী, সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন আইজেনকোট। নির্ধারিত এই সময়ের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে সরকার গঠন করতে ব্যর্থ হলে তিনি ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে একবারের জন্য অতিরিক্ত ১৪ দিন সময় চাইতে পারবেন।
