শিক্ষিত বেকারত্ব কমাতে উচ্চশিক্ষাকে প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা খাপ খাইয়ে নিতে না পারলে প্রতিবছর সনদধারী শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধু একাডেমিক শিক্ষা অর্জন করলেই হবে না; এর পাশাপাশি ব্যবহারিক, কারিগরি ও কর্মমুখী দক্ষতা অর্জন করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় আড়াই হাজার কলেজের অধ্যক্ষরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একজন অধ্যক্ষ কেবল প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন, বরং তিনি একাডেমিক নেতৃত্ব, নৈতিক দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণের অন্যতম কারিগর।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান কতটা বেড়েছে, তা নিয়ে মূল্যায়নের প্রয়োজন রয়েছে।
শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষাদান পদ্ধতি চালু করতে প্রয়োজনে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগৎকে দ্রুত পরিবর্তন করছে। এসব প্রযুক্তির কারণে অনেক প্রচলিত পেশা বিলুপ্ত হওয়ার ঝুঁকি তৈরি হলেও নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করতে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী শিল্পোদ্যোক্তাদের প্রতি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ও হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান। এতে শিক্ষার্থীরা শিক্ষাজীবনেই বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং চাকরির অপেক্ষায় না থেকে উদ্যোক্তা হিসেবে কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা অর্জন করবেন।
তিনি আরও বলেন, প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
আন্তর্জাতিক কর্মবাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান ও ইতালীয়সহ বিভিন্ন আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং উদ্যোক্তা তৈরির কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।
শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ ও শিক্ষার মানোন্নয়নে কলেজভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্যপদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং প্রশিক্ষণের ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কাঙ্ক্ষিত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ নিশ্চিত করা জরুরি।
