বৈদেশিক বাণিজ্যে পণ্যের দাম যাচাইয়ে ‘বিশেষ সেল’ গঠনের নির্দেশ

অর্থনীতি স্লাইড

আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ও মূল্য কারসাজি রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈদেশিক বাণিজ্যের প্রতিটি পর্যায়ে পণ্যের প্রকৃত বাজারদর যাচাই করতে হবে ব্যাংকগুলোকে। এ জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত প্রতিটি ব্যাংকে বা এডি শাখায় আলাদা পর্যবেক্ষণ সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে নিজস্ব সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্তত একটি অনলাইন প্ল্যাটফর্মের সদস্যপদ নিতে হবে। সাশ্রয়ী মূল্যের এসব ‘প্রাইস ভেরিফিকেশন প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে পণ্যের প্রকৃত দাম যাচাই করার ব্যবস্থা রাখতে হবে।

ঋণপত্র বা এলসি খোলার আগেই কিংবা আমদানি প্রক্রিয়া শুরু করার সময় আন্তর্জাতিক বাজারে সংশ্লিষ্ট পণ্যের প্রকৃত দাম কত, তা খতিয়ে দেখতে হবে। এর ফলে বাজারদরের চেয়ে অস্বাভাবিক বেশি বা কম দামে পণ্য আমদানির সুযোগ বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

এই যাচাই প্রক্রিয়া কেবল পণ্য আমদানির ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে না। রপ্তানি বাণিজ্য, সেবা খাতসহ সীমান্তপারের সব ধরনের বৈদেশিক লেনদেনে পণ্য ও সেবার দাম যৌক্তিক ও প্রতিযোগিতামূলক কি না, তাও যাচাই করতে হবে ব্যাংকগুলোকে।

ব্যাংকগুলোর গঠিত বিশেষ পর্যবেক্ষণ সেল কেন্দ্রীয়ভাবে এই দাম পর্যবেক্ষণ ও যাচাইয়ের মূল দায়িত্ব পালন করবে। প্রতিটি বৈদেশিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে এই সেলগুলো সরাসরি কাজ করবে।

ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বৈদেশিক বাণিজ্যের আড়ালে দীর্ঘদিন ধরে মূল্য কারসাজির মাধ্যমে অর্থ পাচারের ঘটনা ঘটছে। আমদানির ক্ষেত্রে পণ্যের প্রকৃত দামের চেয়ে অনেক বেশি মূল্য দেখিয়ে বা ওভার-ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অবৈধভাবে অর্থ পাচার করা হয়।

অন্যদিকে রপ্তানির ক্ষেত্রে পণ্যের দাম প্রকৃত দামের চেয়ে কম দেখানো হয়, যা আন্ডার-ইনভয়েসিং নামে পরিচিত। এর মাধ্যমে অর্জিত প্রকৃত রপ্তানি আয় দেশে না এনে বিদেশেই রেখে দেওয়ার সুযোগ তৈরি হয়।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে আমদানি ও রপ্তানি পণ্যের মূল্য নিয়মিত যাচাই করা হলে এ ধরনের কারসাজি শুরুতেই ধরে ফেলা সম্ভব হবে। এতে বাণিজ্যভিত্তিক অর্থ পাচার শনাক্ত করা যেমন সহজ হবে, তেমনি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও সুরক্ষিত থাকবে।

নতুন এই ব্যবস্থা কার্যকর করার জন্য ব্যাংকগুলোকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিটি অনুমোদিত ব্যাংককে বিশেষ পর্যবেক্ষণ সেল গঠনের কাজ শেষ করতে হবে।

একই সময়ের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্তত একটি দাম যাচাইকারী প্ল্যাটফর্মের সদস্যপদ গ্রহণসহ অন্যান্য কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করতে হবে। নির্ধারিত এই সময়সীমা পার হওয়ার পর অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকেই বাধ্যতামূলকভাবে বৈদেশিক বাণিজ্যের মূল্য যাচাই কার্যক্রম পরিচালনা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *