ইরানে হামলা নিয়ে দোলাচলে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক স্লাইড

ইরানে নতুন সামরিক হামলার পরিকল্পনা পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও ইসরায়েলের চাপ অব্যাহত থাকায় তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি।

নতুন করে অভিযান চালানো হবে কি না, তা নিয়ে ওয়াশিংটনের ভেতরেই স্পষ্ট মতবিরোধ দেখা দিয়েছে। এরই মাঝে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের আলোচনা শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন আঞ্চলিক মধ্যস্থতাকারীরা।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট রবিবার মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ইরানে সম্ভাব্য হামলা অন্তত এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক আলোচনার চেষ্টা ব্যর্থ হলে নতুন করে হামলার অনুমোদন দেওয়ার আগে নতুন বছর পর্যন্তও অপেক্ষা করতে পারেন ট্রাম্প।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছেন, যাতে ইরানে দ্রুত বড় পরিসরে সামরিক অভিযান শুরু করা হয়। নেতানিয়াহুর ধারণা, এমন বড় অভিযান ইরান সরকারকে দুর্বল করে দিতে পারে এবং এমনকি দেশটির সরকারের পতনও ঘটাতে পারে।

তবে সামরিক অভিযানের মাধ্যমে ইরান সরকারের পতন ঘটানো আদৌ সম্ভব কি না, তা নিয়ে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যেই একমত হওয়ার মতো অবস্থা নেই। উপদেষ্টাদের কেউ কেউ মনে করছেন, নতুন সামরিক হামলার বদলে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ চালিয়ে যাওয়াই যুক্তরাষ্ট্রের জন্য বেশি কার্যকর হতে পারে।

মাঠপর্যায়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড বা সেন্টকম সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ইসরায়েলের সঙ্গে যৌথ হামলার পক্ষেও অবস্থান নিয়েছে। রবিবার ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ।

ওই সংবাদমাধ্যমকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অনির্দিষ্টকাল সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার পরিবর্তে সরাসরি হামলা চালানো অথবা সতর্কতা তুলে নেওয়ার যেকোনো একটি সিদ্ধান্ত নিতে চায় সেন্টকম। আর এক ইসরায়েলি কর্মকর্তা বর্তমান এই টানাপোড়েনকে ‘উদ্বেগ নিয়ে অপেক্ষা করার’ মতো পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক ও কূটনৈতিক অচলাবস্থা কাটানোর চেষ্টা করছে ইরান। এর মধ্যেই দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের কাছাকাছি ১৪টির বেশি তেলবাহী জাহাজ জড়ো হওয়ার খবর সামনে এসেছে।

উপগ্রহের ছবি ও জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে পাওয়া এ খবরে ধারণা করা হচ্ছে, এসব জাহাজ যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং জাহাজগুলো সত্যিই অবরোধ ভাঙার চেষ্টা করবে কি না, তা-ও এখনো নিশ্চিত নয়।

রবিবার যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে ইরানের জাহাজ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, তারা এমন চেষ্টা করবে। তাহলে তাদের নৌবাহিনীর বাকি জাহাজগুলোর মতো সেগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে।’

যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা রাখছে মিসর। এই কূটনৈতিক উদ্যোগে মিসরের পাশাপাশি কাতার, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানও যুক্ত রয়েছে বলে রবিবার জানিয়েছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি।

সিএনএনকে দেওয়া বক্তব্যে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, আলোচনার সুযোগ রয়েছে। একটি চুক্তিতে পৌঁছানো এবং সমঝোতায় আসাও সম্ভব।’ একই দিনে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদিও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে এবং কূটনৈতিক উদ্যোগের সুযোগ এখনো রয়েছে।

মন্ত্রিসভার বৈঠকেও একই দিনের বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘কূটনীতির পথ এখনো খোলা রয়েছে।’ এদিকে রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে।

ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘গত এক সপ্তাহে ইরান এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। চিন্তার কিছু নেই। সবগুলোই ভূপাতিত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হতে যাওয়া হাকিম জেফরিস জানিয়েছেন, আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা এই সংঘাত বন্ধের উদ্যোগ নেবেন। রবিবার সিবিএস নিউজকে তিনি বলেন, ‘ইরানে এই বেপরোয়া ও ব্যয়বহুল যুদ্ধ বন্ধ করতে হবে। এই যুদ্ধের কারণে গ্যাস, খাদ্য ও ডিজেলের দাম আকাশচুম্বী হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *