দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

খেলা স্পেশাল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। কুঁচকির চোটের কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ফলে সেঞ্চুরিয়নে তাকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে।

শনিবার (২১ নভেম্বর) সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে সতীর্থরা অনুশীলনে ব্যস্ত থাকলেও মুশফিককে দেখা যায় মাঠের এক পাশে বেঞ্চে বসে থাকতে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানিয়েছিলেন মুশফিক। ম্যাচ শেষে তার এমআরআই করানো হয়। পরীক্ষার ফলে পেলভিসের হাড়ের আশপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি নিশ্চিত হয়েছে।

এক বিবৃতিতে বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘চোটের কারণে মুশফিকের তাৎক্ষণিক বিশ্রাম এবং নির্দিষ্ট পুনর্বাসনপ্রক্রিয়া প্রয়োজন। এতে চোটের চাপজনিত প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের পাশাপাশি পরিস্থিতির আরও অবনতি ঠেকানো সম্ভব হবে। তাই দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন না।’

আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে স্বাগতিকদের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে টাইগাররা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুশফিকের ছিটকে যাওয়া দলের জন্য বড় ধাক্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *