গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা-আগুন

অর্থনীতি স্লাইড

গত ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাখাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত এই প্রতিষ্ঠানটি বর্তমানে দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হয়েছে।

হামলার ধারাবাহিকতা শুরু হয় গত ১০ নভেম্বর থেকে। ১৯ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় মোট ৭২টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে।

এর মধ্যে পাঁচটি শাখা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। ধারাবাহিক এই সহিংসতার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সব শাখায় ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের একটি প্রতিবেদনে হামলার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, কোনো কোনো শাখায় আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

এ ছাড়া আদায় শিট, সাইনবোর্ড, চেয়ার-টেবিল এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামও আগুনে ক্ষতিগ্রস্ত বা ভস্মীভূত হয়েছে। কয়েকটি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে।

ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদের স্বাক্ষরে পাঠানো চিঠিতে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক এসব হামলায় অবকাঠামো, আসবাবপত্র, নথিপত্র ও অন্যান্য সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক কার্যক্রমেও চাপ তৈরি হয়েছে।

হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে কর্মীরা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছে যে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। বিশেষ করে সদস্যসেবা ও দৈনন্দিন আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

ক্ষুদ্রঋণ কার্যক্রমের ওপর নির্ভরশীল প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের সেবা অব্যাহত রাখতে দ্রুত নিরাপত্তা জোরদার করা জরুরি বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ। এ জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের ওপর জোর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *