যুক্তরাষ্ট্রে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, আরো ৬ হাজার ৪০০ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক স্লাইড

যুক্তরাষ্ট্রের আকাশপথে তৈরি হওয়া নজিরবিহীন অচলাবস্থা শনিবারও কাটেনি। শুক্রবারের সাময়িক বিমান চলাচল বন্ধের রেশ ধরে শনিবার আরও ৬ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিভিন্ন এয়ারলাইন্স। এতে দেশজুড়ে বিমানবন্দরগুলোতে চরম ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ যাত্রী।

তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে আশ্বস্ত করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি জানিয়েছে, রবিবার নাগাদ ফ্লাইট চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে।

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বলছে, শনিবার রাত ৯টা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা এফএএ-এর প্রাথমিক ধারণাকেও ছাড়িয়ে গেছে। এফএএ প্রশাসক ব্রায়ান বেডফোর্ড যতগুলো ফ্লাইট বাতিল হতে পারে বলে অনুমান করেছিলেন, বাস্তবে তার চেয়ে অনেক বেশি ফ্লাইট স্থগিত হয়েছে।

এমনকি এই বিপর্যয়ে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ২০২৪ সালের বহুল আলোচিত ক্রাউডস্ট্রাইক সফটওয়্যার বিভ্রাটের রেকর্ডকেও পেছনে ফেলেছে। সাম্প্রতিক ইতিহাসে যুক্তরাষ্ট্রের এভিয়েশন খাতে এটি অন্যতম বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ভোগান্তি এড়াতে রবিবারের নির্ধারিত সূচি থেকেও আগাম প্রায় ৮০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আগাম বাতিল হওয়া এসব ফ্লাইটের বড় একটি অংশই আমেরিকান এয়ারলাইন্স এবং জেটব্লু এয়ারলাইন্সের।

পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাওয়া কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে। শনিবার সকালে এক বিবৃতিতে যাত্রীদের কাছে ক্ষমা চান এফএএ প্রশাসক ব্রায়ান বেডফোর্ড।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবচেয়ে খারাপ সময়টা তারা পেছনে ফেলে এসেছেন এবং দ্রুতই আকাশপথের শৃঙ্খলা ফিরে আসবে। এয়ারলাইন্সগুলোও আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বাড়তি ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর শুক্রবার প্রথমবার টানা চার ঘণ্টার বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে সব ধরনের বিমান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। নজিরবিহীন এই সিদ্ধান্তের ফলে সেদিন প্রায় ১২ হাজার ফ্লাইটের সূচি মারাত্মকভাবে ব্যাহত হয়।

এই ভয়াবহ বিপর্যয়ের নেপথ্য কারণও জানিয়েছেন মার্কিন পরিবহন সচিব শন ডাফি। তিনি জানান, নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান এল৩হ্যারিস টেকনোলজিস একটি প্রত্যন্ত এলাকায় পুরোনো তামার তার বদলে নতুন ফাইবার অপটিক লাইন বসানোর কাজ করছিল।

কাজ চলাকালীন একটি রাউটার থেকে পুরো সিস্টেমে ভুল ডেটা প্রবাহিত হতে শুরু করে। এর ফলে আকাশে থাকা বিমান এবং গ্রাউন্ড রাডারের মধ্যকার জরুরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে সব ফ্লাইট গ্রাউন্ডেড বা মাটিতে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। কর্মকর্তারা ধারণা করছেন, মূলত আরকানসাস ও টেক্সাস অঙ্গরাজ্যে অবস্থিত রাউটার থেকেই এই কারিগরি ত্রুটির সূত্রপাত হয়ে থাকতে পারে।

পুরো ঘটনাটি এখন উচ্চপর্যায়ে তদন্ত করে দেখা হচ্ছে। এটি কেবলই একটি যান্ত্রিক ত্রুটি নাকি সংশ্লিষ্ট ঠিকাদারের চরম অদক্ষতার ফল, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে, নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান এল৩হ্যারিস এক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। তারা জানিয়েছে, প্রকৃত কারণ উদ্ঘাটনে এফএএ-এর চলমান তদন্তে তারা সব ধরনের কারিগরি ও তথ্যগত সহযোগিতা প্রদান করছে।

বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের মতো ব্যস্ত আকাশপথে মাত্র কয়েক ঘণ্টার অচলাবস্থা কাটিয়ে উঠতেও কয়েক দিন সময় লেগে যায়। কারণ, উড়োজাহাজ ও ক্রুদের নির্দিষ্ট রুট অনুযায়ী পুনরায় সমন্বয় করা বেশ জটিল প্রক্রিয়া।

যাত্রীদের বিমানবন্দরে আসার আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুতেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট সূচি পুরোপুরি ছন্দে ফিরবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *