ডায়াবেটিস ঝুঁকি কমাতে সচেতনতা জরুরি: প্রধানমন্ত্রী

জাতীয় স্লাইড

সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি ও এর জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য হলো— ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। পাশাপাশি, যারা এখনো এই রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

বর্তমান বিশ্ব ও দেশের স্বাস্থ্যঝুঁকি প্রসঙ্গে তারেক রহমান বলেন, ডায়াবেটিস আজ বিশ্বব্যাপী প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জগুলোর একটি এবং বাংলাদেশেও এর প্রকোপ বাড়ছে, যা উদ্বেগের বিষয়। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং জীবনহানির ঝুঁকি তৈরি হয়। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সরকারের অগ্রাধিকার ও পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়া বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রার মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এই লক্ষ্য অর্জনে দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসা সম্প্রসারণ এবং জনসচেতনতা সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে বাংলাদেশের উদ্যোগেই দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছে যা অত্যন্ত গৌরবের বিষয়। আগামী দিনেও সমিতির সেবামূলক কার্যক্রম আরও প্রসারিত হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিশেষে, বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সকল সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *