‘আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে’

জাতীয় স্লাইড

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি থেকে সরকার সরে আসছে না; বরং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সংস্থাটির শর্ত সমন্বয় করা হচ্ছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এই আলোচনা ও সমন্বয় প্রক্রিয়া শেষ হয়ে সবকিছু স্বাভাবিক গতিতে ফিরবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ বিভাগ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সকালে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্রিফিংয়ে বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও কঠোর শর্তের আইএমএফ ঋণ কর্মসূচি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা। জবাবে তিনি জানান, বিশ্বব্যাংক, এডিবি এবং জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা এরই মধ্যে সমন্বয় করা হয়েছে। এখন আইএমএফের সঙ্গেও সেই প্রক্রিয়া চলমান রয়েছে।

আগের ঋণ চুক্তির প্রেক্ষাপট তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে বাতিল হওয়া পূর্ববর্তী ঋণ কর্মসূচিটি স্বাক্ষরিত হয়েছিল তৎকালীন ‘অনির্বাচিত’ সরকারের আমলে। সেই সময় যেসব কঠিন শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা বাস্তবসম্মত নয়।

তিনি আরও ব্যাখ্যা করেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আসা বর্তমান সরকার এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যা সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ তৈরি করে। পূর্বের শর্তগুলো হুট করে কার্যকর করলে দেশের ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

উন্নয়ন সহযোগীদের মধ্যে কাজের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দাতা সংস্থাগুলোর কার্যক্রমে ভারসাম্য না থাকলে মাঠপর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। তাই দেশের নিজস্ব অগ্রাধিকার ও অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে মিল রেখেই সব সহযোগী সংস্থার কর্মসূচি এগিয়ে নিতে চায় সরকার।

আইএমএফের ঋণ কর্মসূচি থেকে বাংলাদেশের সরে আসার যে গুঞ্জন বা আলোচনা চলছে, তা সরাসরি নাকচ করে দেন অর্থমন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বরং যেসব বিষয়ে আইএমএফের সঙ্গে মতপার্থক্য বা জটিলতা রয়েছে, সেগুলো নিরসনে দুটি আলাদা কার্যদল বা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। এই দুই পক্ষের নিবিড় আলোচনার মাধ্যমেই ঋণের শর্ত ও কর্মসূচির প্রয়োজনীয় সংস্কার ও সমন্বয় করা হবে।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই ওয়ার্কিং গ্রুপগুলোর কাজ সফলভাবে সম্পন্ন হবে। পরিশেষে তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো আইএমএফের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে বরং দেশের অর্থনৈতিক পরিস্থিতি, জনগণের স্বার্থ এবং জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *