দীর্ঘদিনের ঝুলে থাকা অনুসন্ধান ও মামলার জট নিরসনে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে জব্দ করা সম্পদের সঠিক ব্যবস্থাপনায় আলাদা অনুবিভাগ গঠনের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। এ লক্ষ্যে সম্প্রতি দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।
দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিশনের কাজে গতিশীলতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, সম্প্রতি সংস্থাটির পৃথক দুটি অফিস আদেশে এই বিশেষ কমিটি দুটি গঠন করা হয়। উভয় কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কার্যক্রম শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পুরোনো অনুসন্ধান ও মামলাগুলোর জট খুলতে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে পুরো বিষয়টি পর্যালোচনা করতে বলা হয়েছে। পর্যালোচনা শেষে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।
এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দুদকের পরিচালক (লিগ্যাল) মো. শাহাদৎ হোসেন প্রামাণিক। কমিটির সদস্যসচিব করা হয়েছে পরিচালক (মানি লন্ডারিং) মো. মোরশেদ আলমকে।
কমিটির অন্য তিন সদস্য হলেন পরিচালক (প্রসিকিউশন) মোহাম্মদ ইকবাল বাহার, পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-৩) ড. মোহাম্মদ জহিরুল হুদা এবং পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) রিজিয়া খাতুন। জ্যেষ্ঠ এই কর্মকর্তারা মিলে মামলার দীর্ঘসূত্রতার কারণগুলো খতিয়ে দেখবেন।
অন্যদিকে, দুদকের ক্রোক ও অবরুদ্ধ করা সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে নেওয়া হয়েছে আরেকটি বড় উদ্যোগ। বর্তমান সম্পদ ব্যবস্থাপনা শাখাটিকে একটি পূর্ণাঙ্গ অনুবিভাগে রূপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছে কমিশন।
নতুন এই অনুবিভাগ গঠনের রূপরেখা তৈরির জন্য আলাদা আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা দুদকের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদকে।
দ্বিতীয় এই কমিটিকেও ১০ কার্যদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে পৃথক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ গঠনের প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করে কমিশন সচিবের কাছে প্রতিবেদন দাখিল করতে হবে।
দুদক সূত্রে আরও জানা গেছে, বর্তমানে একজন পরিচালকের নেতৃত্বে সম্পদ ব্যবস্থাপনা শাখার কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু জব্দ করা সম্পদের পরিমাণ বেড়ে যাওয়ায় বিদ্যমান কাঠামোয় তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।
নতুন পরিকল্পনায় অনুসন্ধান ও তদন্ত অনুবিভাগের মতো এই অনুবিভাগের নেতৃত্বেও থাকবেন একজন মহাপরিচালক। এই অনুবিভাগের জন্য প্রয়োজনীয় জনবলকাঠামো, আধুনিক প্রযুক্তি ও লজিস্টিক সাপোর্টসহ একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা তৈরি করছে কমিটি।
এ বিষয়ে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় থাকা অনুসন্ধান ও মামলাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করবে গঠিত কমিটি। কোন পর্যায়ে অনুসন্ধান বা তদন্ত আটকে আছে তা খুঁজে বের করা হবে।
তিনি আরও জানান, মামলা নিষ্পত্তিতে কী ধরনের আইনি বা দাপ্তরিক জটিলতা রয়েছে তাও চিহ্নিত করা হবে। এরপর কাজগুলো দ্রুত এগিয়ে নিতে কী পদক্ষেপ প্রয়োজন, সেসব বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে প্রতিবেদন আকারে জমা দেবে কমিটি।
সম্পদ ব্যবস্থাপনা প্রসঙ্গে আকতারুল ইসলাম বলেন, এই শাখার সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে কমিশন। সম্পদ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়টিকে একটি আলাদা অনুবিভাগে উন্নীত করার চিন্তাভাবনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এদিকে, দুদকের এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দুদকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম মনে করেন, দীর্ঘদিনের অনুসন্ধান ও মামলার জট কমানোর জন্য দুদকের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
সংশ্লিষ্টদের আশা, কমিটি দুটির সুপারিশ বাস্তবায়িত হলে দুদকের কার্যক্রমে স্বচ্ছতা ও গতি বাড়বে। পাশাপাশি রাষ্ট্রের অনুকূলে জব্দ হওয়া বিপুল পরিমাণ সম্পদও সুরক্ষিত থাকবে।
