ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল: শিক্ষামন্ত্রী

শিক্ষা স্লাইড

চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি এবং পুনর্মূল্যায়ন পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি ফলাফল প্রকাশের এই সময়সীমার কথা উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী জানান, ফল প্রকাশে বিলম্ব হলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পরবর্তী ধাপে পিছিয়ে পড়তে পারে। বিশেষ করে আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন কোনো প্রকার ভোগান্তি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সে লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে। এ কারণেই নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের ভেতরেই সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বক্তব্যে উচ্চশিক্ষার বিভিন্ন সংকট ও উত্তরণের পথ নিয়েও কথা বলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি উল্লেখ করেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিনের সেশনজট নিরসনে বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে যেন মূল্যবান সময় নষ্ট না হয়, সেদিকে সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে বলে জানান তিনি।

সামগ্রিক শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়নের বিষয়ে সরকারের অবস্থানের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।

দেশের সার্বিক অগ্রগতির প্রসঙ্গ টেনে তিনি গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, দেশের চলমান উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মৌলিক ও প্রায়োগিক গবেষণার কোনো বিকল্প নেই।

গবেষণার ক্ষেত্র প্রসারিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের কথাও জানান তিনি। ড. মিলন বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়াচ্ছে, যা ভবিষ্যতে দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে দেশের বরেণ্য রসায়নবিদ, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *