জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

জাতীয় স্লাইড

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে সর্বোচ্চ ৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের জন্য নির্বাচিত করেছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ)। এই অর্থ দিয়ে দেশের উপকূলীয় সুরক্ষা ব্যবস্থা জোরদার, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ চলাকালে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেয় সিআইএফ। সংস্থাটির নতুন প্রজন্মের জলবায়ু সহনশীলতা কর্মসূচি ‘অ্যারাইজ’-এর প্রথম পর্যায়ে বাংলাদেশসহ পাঁচটি দেশ এবং একটি আঞ্চলিক প্রকল্পকে নির্বাচিত করা হয়েছে।

‘অ্যারাইজ’-এর পূর্ণ নাম হলো ‘অ্যাক্সিলারেটিং রেজিলিয়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড ইনোভেশনস ফর সাসটেইনেবল ইকোনমিজ’।

এই কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি দেশ সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলার অর্থায়নের জন্য নিজস্ব বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে পারবে।

এ ছাড়া আঞ্চলিক প্রকল্পের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ মিলিয়ন ডলার পর্যন্ত অর্থায়নের জন্য আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

প্রথম পর্যায়ে বাংলাদেশ ছাড়াও নির্বাচিত অন্যান্য দেশগুলো হলো কিরগিজ প্রজাতন্ত্র, হাইতি, মরক্কো ও সিয়েরা লিওন।

পাশাপাশি আফ্রিকার দুই দেশ মালাউই ও মোজাম্বিককে নিয়ে একটি যৌথ আঞ্চলিক কর্মসূচিও এই তালিকায় স্থান পেয়েছে।

সিআইএফ জানিয়েছে, এই বিশেষ কর্মসূচির জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭০০ মিলিয়ন ডলারের বেশি সম্ভাবনাময় বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছিল।

যাচাই-বাছাই শেষে এর মধ্যে থেকে ২৫টি প্রস্তাবকে সরাসরি বিনিয়োগের উপযোগী হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

কৃষি ও খাদ্যব্যবস্থা, পানির নিরাপত্তা, অবকাঠামো, জ্বালানি, উপকূলীয় সুরক্ষা, সামুদ্রিক অর্থনীতি, প্রাকৃতিক সম্পদ এবং সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে এসব বিনিয়োগের সুযোগ রয়েছে।

এদিকে, বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বৃহস্পতিবার জলবায়ু সম্মেলনের এক অনুষ্ঠানে এই অর্জনের বিষয়ে কথা বলেন।

তিনি জানান, সিআইএফের অ্যারাইজ কর্মসূচির প্রথম পর্যায়ের অংশীদার দেশগুলোর একটি হতে পেরে বাংলাদেশ অত্যন্ত আনন্দিত ও স্বাগত জানাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো এমন একটি জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলা, যেখানে অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা পাশাপাশি এগিয়ে যাবে।

তিনি আরও জানান, অ্যারাইজ কর্মসূচির মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়নে দেশের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হবে।

পাশাপাশি বড় পরিসরে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য অভিযোজনমূলক বিনিয়োগ নিশ্চিত করা হবে।

সিআইএফ সূত্রে জানা গেছে, গত বছর কপ৩০ সম্মেলনে এই অ্যারাইজ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছিল।

কর্মসূচির শুরুতে জার্মানি, স্পেন ও আয়ারল্যান্ড এতে ১০০ মিলিয়ন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল।

সম্প্রতি এই বৈশ্বিক উদ্যোগে অর্থায়নকারী দেশ হিসেবে যুক্তরাজ্যও যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাজ্য আগামী কয়েক বছরে সিআইএফের বিদ্যমান জলবায়ু সহনশীলতা কর্মসূচির বিনিয়োগ থেকে ফেরত পাওয়া অর্থের সর্বোচ্চ ১২৮ মিলিয়ন ডলার অ্যারাইজে দেওয়ার ঘোষণা দিয়েছে।

সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেসেগিন বলেন, উন্নয়নশীল দেশগুলো খাদ্য, পানি, বিদ্যুৎ, বন ও উপকূল রক্ষায় জরুরি ভিত্তিতে বাস্তবায়নযোগ্য ৭০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ প্রস্তাব দিয়েছে।

তিনি জানান, নির্বাচিত দেশগুলোকে জার্মানি, স্পেন ও আয়ারল্যান্ডের সহায়তায় প্রয়োজনীয় অর্থায়ন সরবরাহ করা হবে।

পাশাপাশি যুক্তরাজ্যের নতুন অর্থায়নের সিদ্ধান্ত বৈশ্বিক জলবায়ু সহনশীলতা কার্যক্রমকে আরও বেগবান করতে বড় ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

তারিয়ে গবাদেসেগিন আরও বলেন, যেসব দেশের প্রকল্প বাস্তবায়নের পূর্ণ প্রস্তুতি রয়েছে, তাদের সহায়তা দিতে ভবিষ্যতে আরও অর্থায়ন সংগ্রহ করা হবে।

অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিভাগের কৌশল ও অংশীদারত্ব বিভাগের পরিচালক নোয়েল ও’ব্রায়েন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অ্যারাইজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

বাংলাদেশ ও কিরগিজ প্রজাতন্ত্র নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি জানান, এডিবি এসব দেশের সঙ্গে কাজ করে জলবায়ু সহনশীলতা বাড়াতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে।

জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী রিম আলাবালি রাদোভান বলেন, জলবায়ু সহনশীলতাকে সরকারি পরিকল্পনার অংশ করা এবং অবকাঠামোকে জলবায়ু ঝুঁকির উপযোগী করে গড়ে তোলা এখন জরুরি।

তিনি উল্লেখ করেন, সিআইএফের অর্থায়নে ইতিমধ্যে বিশ্বের ৬ কোটি ৫০ লাখ মানুষের জলবায়ু সহনশীলতা বাড়ানো সম্ভব হয়েছে।

দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং বেসরকারি খাতের বিনিয়োগ আকৃষ্ট করার ওপর জোর দেন জার্মান মন্ত্রী।

সিআইএফের মতে, অ্যারাইজ কর্মসূচির মাধ্যমে স্বল্প সুদের ও সহজ শর্তের অর্থায়ন কৌশলগতভাবে ব্যবহার করে সরকারি ও বেসরকারি খাতের বড় বিনিয়োগ আকৃষ্ট করা হবে।

এই কর্মসূচির চূড়ান্ত লক্ষ্য শুধু জলবায়ু ঝুঁকি মোকাবিলা করা নয়, বরং মানুষের জীবিকা সুরক্ষা, গুরুত্বপূর্ণ খাতগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *