নন-জুডিশিয়াল স্ট্যাম্পের শুল্ক দিতে হবে ‘এ-চালানে’

আইন-আদালত স্লাইড

২০২৭ সালের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক স্বয়ংক্রিয় চালান পদ্ধতি বা ‘এ-চালান’-এর মাধ্যমে পরিশোধ করা বাধ্যতামূলক করেছে সরকার। এর ফলে ডিজিটাল উপায়ে রাজস্ব ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও আধুনিক করার পথে আরও একধাপ এগিয়ে গেল দেশ।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত প্রচলিত বা ম্যানুয়াল পদ্ধতিতেও শুল্ক পরিশোধের সুযোগ বহাল থাকবে। তবে এর পর থেকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই শুল্ক পরিশোধ করতে হবে।

নতুন নিয়মের নির্দেশিকা ও প্রক্রিয়া:

দলিলের ক্ষেত্রে: ‘এ-চালান’ এর মাধ্যমে শুল্ক পরিশোধের পর দলিলের জন্য কার্টিজ পেপার ব্যবহার করতে হবে। শুল্ক পরিশোধের প্রমাণস্বরূপ এ-চালানের প্রিন্টেড কপি সংশ্লিষ্ট দলিলের সঙ্গে বাধ্যতামূলকভাবে সংযুক্ত করতে হবে এবং দলিলের প্রথম পাতায় ‘এ-চালান’ নম্বরটি আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।

বীমা পলিসির ক্ষেত্রে: বীমা পলিসির বিপরীতে প্রদেয় শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ করে পলিসির সঙ্গে রসিদের মুদ্রিত কপি যুক্ত করতে হবে। এছাড়া রসিদে পলিসি নম্বর এবং পলিসির প্রথম পৃষ্ঠায় এ-চালানের নম্বর লিখতে হবে।

যৌথ পরিশোধের নিয়ম: একই সঙ্গে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে একত্রে শুল্ক পরিশোধের ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানের পৃথক পরিচিতি নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে টিআইএন (TIN), জাতীয় পরিচয়পত্র (NID), ব্যবসায় শনাক্তকরণ নম্বর (BIN) কিংবা ট্রেড লাইসেন্স নম্বর প্রদান করতে হবে।

সরকারের যেসব লক্ষ্য ও সুবিধা অর্জিত হবে:অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে ‘এ-চালান’ পদ্ধতি চালু হলে সরকারের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে। বিশেষ করে স্ট্যাম্পের ছাপানো, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং কমিশন বাবদ খরচ উল্লেখযোগ্য হারে কমে আসবে। পাশাপাশি, বাজারে জাল স্ট্যাম্প বিক্রির অবৈধ সুযোগ বন্ধ হবে এবং সরকারের রাজস্ব আয় আরও বৃদ্ধি পাবে।

সংশ্লিষ্টরা নির্দিষ্ট ওয়েবসাইট (www.achallan.gov.bd)-এর মাধ্যমে এই ডিজিটাল পদ্ধতিতে খুব সহজেই নির্ধারিত শুল্ক পরিশোধ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *