বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন কৌশলগত ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের লক্ষে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক। মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-এ স্থানীয় সময় সকাল ১১টায় এ দ্বিপক্ষীয় বৈঠকে মুখোমুখি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে মূলত দুই বন্ধুপ্রতীম দেশের সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দেওয়া হবে। বিশেষ করে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ অবকাঠামোগত খাতে জাপানের অব্যাহত সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সমন্বিত কৌশল নিয়ে দুই শীর্ষ নেতা আলোচনা করবেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে সোমবার সকালেই টোকিও পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কান্তেই’-এ পৌঁছালে জাপানের প্রধানমন্ত্রী তাকে আনুষ্ঠানিকভাবে লাল গালিচা সংবর্ধনা ও অভ্যর্থনা জানান। আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের সরকারপ্রধানদের নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়।
বাংলাদেশের পক্ষে এই ঐতিহাসিক শীর্ষ বৈঠকে একটি শক্তিশালী এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিনিধিদলে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং শীর্ষ নীতি-নির্ধারকরা উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
এছাড়াও সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলে যুক্ত আছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা ও দ্বিপক্ষীয় চুক্তিসমূহ তদারকির পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের অর্থনৈতিক রূপান্তর ও কূটনৈতিক যোগাযোগ জোরদার করার অংশ হিসেবে এটি তারেক রহমানের তৃতীয় রাষ্ট্রীয় সফর। এর আগে তিনি সফল রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন গমন করেছিলেন। পাশাপাশি গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে নিউইয়র্ক সফর করেন তিনি। জাপানের সঙ্গে এই শীর্ষ বৈঠক দেশের আগামী দিনের মেগা প্রকল্প ও বিনিয়োগ প্রবাহে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
