বড়দিনের অনুদান: আবেদন ২ কোটির, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা

জাতীয় স্লাইড

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্‌যাপনে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চাওয়া অনুদানের পরিমাণ ছাড়িয়ে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সরকারপ্রধান। দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা বিশেষ অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ সারসংক্ষেপে এই অনুমোদন দেওয়া হয়। আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুভ বড়দিন উৎসবটি আনন্দমুখর ও সাড়ম্বরে পালনের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ আর্থিক অনুদান চেয়ে মন্ত্রণালয় থেকে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়।

উক্ত সারসংক্ষেপে চলতি ২০২৬ সালে বড়দিন উদ্‌যাপন ও কল্যাণমূলক কার্যক্রমের জন্য বিগত বছরের ধারাবাহিকতায় দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে এই অর্থ ছাড়করণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় অনুমোদন চাওয়া হয়। তবে ফাইলটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী প্রস্তাবিত দুই কোটি টাকার অঙ্কটি বাড়িয়ে তিন কোটি টাকা অনুদান হিসেবে বিতরণের নির্দেশ প্রদান করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই অতিরিক্ত এক কোটি টাকা অনুদানের ফলে দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের মাঝে উৎসবের আমেজ আরও বহুগুণ বেড়ে যাবে। একই সাথে বিভিন্ন গির্জা, প্রতিষ্ঠান এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ধর্মীয় উৎসব উদযাপনের পাশাপাশি নানা কল্যাণমূলক কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালনা করা সম্ভব হবে। খুব দ্রুতই ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এই অর্থ ছাড়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট ট্রাস্টের কাছে বরাদ্দ পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *