দীর্ঘ ১৩-১৪ বছরেরও বেশি সময়ের প্রেমের সম্পর্ক থাকলেও নিজেদের বিয়ে নিয়ে কখনো আলাদা করে কোনো পরিকল্পনা ছিল না তাঁদের। তবে মারণব্যাধি ক্যান্সারের আক্রমণ এক নিমেষেই বদলে দিল জীবনের সব হিসাব-নিকাশ। অসুস্থতার খবর পাওয়ার পরপরই দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সাথে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খান—আর সেই মহৎ সিদ্ধান্ত বাস্তবে রূপ পেতে সময় লেগেছিল মাত্র ১৫ মিনিটেরও কম!
সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার উপস্থাপিত নতুন এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের জীবনের এই আবেগঘন গল্প শোনান হিনা খান।
হিনা খান জানান, ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে একেবারে সাদামাটা ও ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে রকি জয়সওয়ালের সাথে তাঁর বিয়ে সম্পন্ন হয়। সেই সময় অভিনেত্রী স্তন ক্যান্সারের তৃতীয় ধাপে (Stage 3 Breast Cancer) আক্রান্ত হয়ে কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলেন। কঠিন এই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে জীবনের অনিশ্চয়তা তাঁকে ও তাঁর সম্পর্ককে নতুন করে ভাবতে বাধ্য করে।
অনুষ্ঠানে তাঁদের বিয়ের একটি স্মারক ছবি দেখানো হলে হিনা অতীতের সেই স্মৃতিতে ফিরে যান। তিনি জানান, এই বিয়ের জন্য আগে থেকে কোনো পূর্বপ্রস্তুতি বা বড় আয়োজনের পরিকল্পনা ছিল না; সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে গভীর ভালোবাসা থাকলেও তাঁরা কখনো বিয়ের বিয়ের কথা আলাদা করে ভাবেননি।
কেন হঠাৎ এমন তড়িঘড়ি করে বিয়ের সিদ্ধান্ত? এর উত্তর দিতে গিয়ে হিনা জানান, শারীরিক দিক থেকে যখন তিনি জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত পার করছিলেন, তখন তিনি প্রেমিক রকিকে দুটি স্পষ্ট বিকল্প দিয়েছিলেন।
হিনা রকিকে বলেছিলেন—হয় তাঁকে ছেড়ে রকি নিজের জীবন নতুন করে শুরু করবেন এবং পছন্দমতো অন্য কাউকে বিয়ে করবেন; নয়তো আজই তাঁকে (হিনাকে) বিয়ে করবেন। কারণ, পরের দিন জীবনে কী ঘটতে চলেছে, সেটির কোনো নিশ্চয়তা তখন হিনার কাছে ছিল না।
শারীরিক অসুস্থতা ও জীবনের তীব্র অনিশ্চয়তার মুখে ভালোবাসার মানুষটিকে আজীবনের জন্য পাশে পাওয়ার এই আকুলতায় বিন্দুমাত্র দ্বিধা করেননি রকি জয়সওয়াল। তিনি সানন্দে হিনার প্রস্তাবে রাজি হন এবং সাথে সাথেই বিয়ের সিদ্ধান্ত নেন।
অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক সানিয়া মির্জা হিনার কাছে জানতে চান, তাঁদের বিয়ের সব আনুষ্ঠানিকতা কি সত্যি সত্যিই মাত্র ১৫ মিনিটে শেষ হয়েছিল?
উত্তরে হিনা মুচকি হেসে জানান, ১৫ মিনিট তো দূরের কথা, প্রকৃতপক্ষে তার চেয়েও কম সময়ে তাঁদের বিয়ের পর্ব শেষ করা হয়েছিল। কোনো জাকজমক বা আনুষ্ঠানিকতার অপেক্ষা না করে খুব দ্রুতই তাঁরা একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হন।
ক্যান্সারের মতো মারণব্যাধির বিরুদ্ধে লড়াইয়ের মাঝেও ভালোবাসা ও বিশ্বাসের ওপর ভর করে নেওয়া হিনা-রকির এই সিদ্ধান্ত ভক্তদের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। জীবনের এই কঠিন অধ্যায়ে তাঁদের ভালোবাসার এই অনন্য গল্প নেটদুনিয়ায় নতুন করে আবেগাপ্লুত করেছে অনুরাগীদের।
