আমেরিকার দক্ষিণ ফ্লোরিডার এক ঘনবসতিপূর্ণ এলাকায় একটি বিলাসবহুল বেসরকারি বিমান আছড়ে পড়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত রবিবার দুপুরের এই দুর্ঘটনায় বিমানে থাকা ৯ জনের সবাই নিহত হয়েছেন। লিয়ারজেট ৬০ (Learjet 60) মডেলের বিমানটি আচমকা আকাশ থেকে নিচে আছড়ে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই তাতে আগুন ধরে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় আশেপাশের বেশ কয়েকটি আবাসিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে পাম বিচ কাউন্টির ক্রিসহ্যাভেন এলাকায়, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত মার-এ-লাগো রিসর্ট থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার নর্থ এলিউথেরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি আকাশে প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় থাকাকালীন হঠাৎ ডানদিকে বাঁক নেয় এবং ক্ষেপণাস্ত্রের গতিতে সোজা মাটিতে আছড়ে পড়ে।
স্থানীয় সময় দুপুর ১টার দিকে মিলিটারি ট্রেইল ও ১০ নম্বর অ্যাভিনিউ নর্থের সংযোগস্থলের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মাটিতে পড়ার আগে বিমানটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় আছড়ে পড়ে। এর ফলে রাস্তার মাঝখানে একটি বড় গর্তের সৃষ্টি হয় এবং চারপাশ বিমানের জ্বলন্ত টুকরো ও ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই ভয়াবহত দৃশ্য পথচলতি অনেকের ক্যামেরায় বন্দি হয়।
দুর্ঘটনার সময় ওই অঞ্চলে আবহাওয়া বেশ প্রতিকূল ছিল; আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টি, বজ্রপাত এবং ঘণ্টায় ১৫ থেকে ২৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইছিল। আবহাওয়াজনিত বিপর্যয়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। মার্কিন পরিবহন সচিব শন ডাফি এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
দুর্ঘটনার পর পরই পুলিশ মিলিটারি ট্রেইলের সমস্ত লেন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেয়। ইতোমধ্যে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায় তদন্ত শুরু করেছে। পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন পরিবহন দপ্তর।
