এক দিনের জন্য শিথিল হচ্ছে সাজেক সড়কের অবরোধ

দেশজুড়ে স্লাইড

রাঙ্গামাটির সাজেক সড়কে চলমান অবরোধ আগামী রোববার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল করার ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। সাজেকে চলমান খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট বিবেচনায় নিয়ে এক দিনের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক বাবুধন চাকমা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ২ নভেম্বর থেকে আবারও অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে সংগঠনটির আহ্বায়ক বাবুধন চাকমা জানান, আগামী রোববার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ শিথিল থাকবে।

তিনি জানান, সাজেকের বিভিন্ন এলাকায় বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান ও কঠিন চীবর দান উপলক্ষে বিহার কমিটির সঙ্গে আলোচনা করে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধা বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া দীর্ঘদিনের অবরোধের কারণে সাজেকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেও এক দিনের জন্য অবরোধ শিথিল করা হয়েছে বলে জানান তিনি।

তবে এই সাময়িক শিথিলতা স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী ২ নভেম্বর থেকে আবারও অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক।

এক দিনের জন্য অবরোধ শিথিলের ঘোষণায় সাজেকের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ার আশা করছেন স্থানীয়রা। তবে দীর্ঘমেয়াদি সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন সাজেকবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *