ইরান-মার্কিন চলমান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানসাস সিটির রেডিও স্টেশন ‘কেসিএমও’-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, খুব শীঘ্রই এই যুদ্ধের সমাপ্তি ঘটবে।
তবে যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, তেহরান থেকে ওয়াশিংটনের একটি সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রয়োজন। তিনি বলেন, “ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে—আমাদের এমন একটি নিশ্চয়তা প্রয়োজন।” একই সাথে তিনি জানান, আমেরিকায় আসন্ন নির্বাচনের পূর্বে মার্কিন বাহিনী আর ইরানের ওপর নতুন করে কোনো হামলা চালাবে না।
আগামী ৩ নভেম্বর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন। মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির একক আধিপত্য বজায় থাকবে কি না, তা নির্ধারণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে ইরান কেন্দ্রিক সামরিক পদক্ষেপের ফলে আমেরিকায় অভ্যন্তরীণ অসন্তোষ তৈরি হয়েছে; নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় ট্রাম্পের যুদ্ধনীতি নিয়ে সাধারণ মানুষের একটি বড় অংশ অসন্তুষ্ট। ফলে এই নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প প্রশাসন কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
এদিকে সামরিক উত্তেজনার মধ্যেই তেহরানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। ট্রাম্পের নির্দেশে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইয়ের কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। এতে কোনো কঠিন পূর্বশর্ত না রেখে মূলত ভবিষ্যৎ শান্তিপ্রক্রিয়ার সম্ভাব্য কাঠামোর ওপর জোর দেওয়া হয়েছে।
