উচ্চমাধ্যমিক বা একাদশ শ্রেণির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তিপ্রক্রিয়া চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে। যে সকল শিক্ষার্থী এখন পর্যন্ত কোনো কলেজে আসন পাননি বা বিভিন্ন কারণে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেননি, তাদের জন্য শেষ সুযোগ হিসেবে তৃতীয় ধাপের ভর্তির আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শনিবার এক বিজ্ঞপ্তিতে শিক্ষা বোর্ড জানায়, আগামী ২৬ অক্টোবর থেকে শিক্ষার্থীরা তাদের সর্বশেষ আবেদন জমা দিতে পারবেন। দুই দিনব্যাপী চলা এই অনলাইন আবেদন প্রক্রিয়া সমাপ্ত হবে ২৭ অক্টোবর রাত ৮টায়। শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যমতে, একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির ক্ষেত্রে এটিই হবে শিক্ষার্থীদের জন্য সর্বশেষ সুযোগ।
অনলাইনে আবেদন করার জন্য শিক্ষার্থীদের ভর্তির নিজস্ব ওয়েবাসাইট https://xiclassadmission.gov.bd ভিজিট করতে হবে। পছন্দক্রম তৈরির ক্ষেত্রে প্রতি প্রার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের নাম নির্বাচন করতে পারবেন।
শিক্ষার্থীদের আবেদনের সুবিধার্থে বিজ্ঞপ্তিতে কিছু বিশেষ শর্ত ও নির্দেশনা যুক্ত করা হয়েছে:
ফি মওকুফ: দ্বিতীয় ধাপে আবেদন করেও যেসব শিক্ষার্থী কোনো কলেজে আসন পাননি, তাদের নতুন করে আবেদনের ফি (২২০ টাকা) দিতে হবে না।
পূর্বের নিশ্চয়ন বাতিল: যারা পূর্বে কোনো কলেজে সিলেকশন পেয়ে নিশ্চয়ন করে ফেলেছেন কিন্তু এখন তৃতীয় ধাপে অন্য কলেজে আবেদন করতে চান, তাদের আগামী ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সশরীরে বোর্ডে গিয়ে পূর্বের নিশ্চায়ন বাতিল করতে হবে।
আবেদন বঞ্চিত ও অনিচ্ছাকৃত ভুল: যারা পূর্বে যেকোনো কারণে আবেদন করতে পারেননি বা কোটা ভুলের কারণে ভর্তি হতে পারেননি, তারাও সরাসরি এই ধাপে অংশগ্রহণ করতে পারবেন।
তৃতীয় ধাপের প্রাথমিক আবেদনের ওপর ভিত্তি করে আগামী ৩০ অক্টোবর রাত ৮টায় ফলাফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর পর শিক্ষার্থীদের দ্রুততার সাথে কাজ শেষ করার আহ্বান জানানো হয়েছে। ৩০ অক্টোবর রাত থেকে ৩১ অক্টোবর রাত ৮টার মধ্যে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত বা নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে সিলেকশন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
এছাড়া, পছন্দক্রম অনুসারে মাইগ্রেশনের ফল প্রকাশিত হবে আগামী ১ নভেম্বর রাত ৮টায়। পরিশেষে, চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের আগামী ২ নভেম্বর থেকে ৩ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফি প্রদান করে কলেজে ভর্তি হতে হবে। নির্ধারিত সূচি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়ে বোর্ড জানিয়েছে, নির্দিষ্ট সময়ের পরে ভর্তি সংক্রান্ত কোনো দাবি গ্রহণযোগ্য হবে না।
