২১ অক্টোবর থেকে চালু হতে পারে বিমানের দাম্মাম রুটের ফ্লাইট

জাতীয় স্লাইড

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট পরিচালনায় বিধি-নিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদিগামী ও সৌদি আরব হয়ে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনসের ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৭ হাজার ৭০১ জন যাত্রী।

এর মধ্যে সরাসরি ফ্লাইট ৫০টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৪টি। এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।এদিকে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে।

অনুমতি ও পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।গতকাল শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর ওই রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে যাত্রীদের যথাসময়ে জানানো হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক কাউসার মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধি-নিষেধের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি এবং রিয়াদ এয়ারের ১০টি সরাসরি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার পাঁচটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

এদিকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চালু রয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।

এই ব্যবস্থা ১৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। ১৯ অক্টোবর থেকে এই রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

বিমান জানিয়েছে, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। তবে এক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে। অনুমতি ও পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *