রংপুর অভিমুখে ১১ দলের লং মার্চ আজ

রাজনীতি স্লাইড

আট দফা দাবিতে আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের পর এটি জোটের দ্বিতীয় বড় কর্মসূচি।

উত্তরবঙ্গমুখী লং মার্চে আঞ্চলিক একটি গুরুত্বপূর্ণ দাবি—তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি যুক্ত করেছে বিরোধী এ জোট।

এদিন সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৮টার দিকে লং মার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে। রাতে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

কর্মসূচির পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পথসভা হবে।

লং মার্চ উপলক্ষে গতকাল শুক্রবার সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, চরম ধৈর্য দেখিয়ে তারা গণতান্ত্রিক কর্মসূচি সফল করবেন। তিনি নেতাকর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান।

লং মার্চের দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *