সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুর একটি তেল স্থাপনা ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা।
বুধবার দেওয়া এক বিবৃতিতে হুতি সামরিক বাহিনী জানায়, চলতি সপ্তাহে হুতিদের অবস্থান লক্ষ্য করে সৌদি আরবের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, প্রথম হামলায় ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়। হামলায় বড় ধরনের আগুন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দ্বিতীয় হামলায় খামিস মুশাইত বিমানঘাঁটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানায় গোষ্ঠীটি। উভয় হামলাই লক্ষ্যভেদী ও সরাসরি হয়েছে বলে দাবি করা হয়।
তবে হুতিদের এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
