সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর কমিয়ে ১ শতাংশ

অর্থনীতি স্লাইড

নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর সুবিধা আরও বাড়িয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রজ্ঞাপন এর মাধ্যমে এসব উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ফলে তখন এসব পণ্য আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট করভার ছিল ১৭ শতাংশ।

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌরবিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণে এ সুবিধা আরও বাড়ানো হয়েছে। নতুন সুবিধার আওতায় সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং সম্পূর্ণ রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব উপকরণ আমদানিতে মোট করভার দাঁড়াবে ১ শতাংশ। এ সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন কার্যকর থাকবে।

এ ছাড়া আগে বাণিজ্যিক আমদানিকারকদের জন্য সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এ সুবিধা প্রযোজ্য ছিল না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং অন্যান্য শুল্ক-কর থেকে অব্যাহতি পাবেন। এর ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে, নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়বে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *