‘রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের উদ্দেশ্য নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন’

জাতীয় স্লাইড

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের উদ্দেশ্য একদম স্পষ্ট, তা হলো নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসন। যাতে তারা অধিকার, মর্যাদা এবং তাদের ভবিষ্যতের প্রতি আস্থা নিয়ে বাঁচতে পারে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যাবাসন মানে শুধু সীমান্ত পার হওয়া নয়। এমন একটি জায়গায় ফিরে যাওয়া, যেখানে মানুষ নিরাপত্তা, অধিকার, মর্যাদা এবং তাদের ভবিষ্যতের প্রতি আস্থা নিয়ে বাঁচতে পারে।’

প্রতিমন্ত্রী মনে করেন, মিয়ানমারে এমন পরিস্থিতি তৈরি হওয়া প্রয়োজন, যা এ প্রত্যাবাসনকে প্রকৃত অর্থেই টেকসই করে তুলবে।

বাংলাদেশ জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘অর্থনীতি, পরিবেশ, জনসেবা, স্থানীয় সম্প্রদায় এবং জাতীয় নিরাপত্তার ওপর এ বিশাল চাপ পড়া সত্ত্বেও বাংলাদেশ কাজটি করে যাচ্ছে।’

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কেবল সংহতি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে, অংশীদারিমূলক দায়িত্ব ও টেকসই রাজনৈতিক সম্পৃক্ততার দিকে এগিয়ে যেতে হবে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মানবিক সহায়তার অর্থায়ন অবশ্যই সুনিশ্চিত ও ধারাবাহিক হতে হবে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আশ্রয়দানকারী স্থানীয় সম্প্রদায়গুলোকে অবশ্যই অর্থবহ সহায়তা দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *