বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, মার্কিন বন্ড ইল্ডের ওঠানামা এবং জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সত্ত্বেও ভারতের অর্থনীতি অভূতপূর্ব স্থিতিস্থাপকতা প্রদর্শন করে চলেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘বিজনেস স্ট্যান্ডার্ড’-এ বাজার বিশেষজ্ঞ প্রশান্ত জৈনের প্রকাশিত এক নিবন্ধ অনুযায়ী, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতি নিয়ে হতাশ হওয়ার কোনো অবকাশ নেই। শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা ও টেকসই সামষ্টিক অর্থনৈতিক সূচকের ওপর ভর করেই দেশ এগিয়ে যাচ্ছে।
চলতি ২০২৫-২৬ এবং আগামী ২০২৬-২৭ অর্থবছরের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, ভারতের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রতি বছর আনুমানিক ৭.৫ শতাংশ থেকে ৭.৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করছে।
কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্যানুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের গড় মূল্য ব্যারেলে প্রায় ৯৭ ডলারে পৌঁছানো সত্ত্বেও ভারত তার প্রথম প্রান্তিকে ৭.৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। বিশ্বের যেকোনো বৃহৎ অর্থনীতির দেশের তুলনায় এই প্রবৃদ্ধির হার অত্যন্ত ঈর্ষণীয়।
অর্থনীতিবিদদের মতে, এই অভাবনীয় স্থিতিশীলতার নেপথ্যে রয়েছে কয়েকটি মজবুত সামষ্টিক অর্থনৈতিক ভিত্তি। ভারতে বর্তমানে চলতি হিসাবের ঘাটতি যেমন নিয়ন্ত্রণে রয়েছে, তেমনি রাজস্ব ঘাটতিও রয়েছে একটি যৌক্তিক ও সহনশীল সীমার মধ্যে।
ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং করপোরেট খাতের ঋণ বা লিভারেজ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসা দেশটির অর্থনীতিকে অতিরিক্ত সুরক্ষা দিয়েছে। বর্তমানে ভারতের উৎপাদন খাতের প্রবৃদ্ধির গতি সামগ্রিক জিডিপির প্রবৃদ্ধির চেয়েও দ্রুততর।
বিশেষ করে বৈশ্বিক বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর ‘চায়না প্লাস ওয়ান’ কৌশলের ফলে ভারতে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতে বৈশ্বিক বিনিয়োগের নতুন জোয়ার সৃষ্টি হয়েছে।
উৎপাদন খাতের পাশাপাশি সেবা খাতেও ধারাবাহিক উন্নতি দেখা যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেবা খাতের রপ্তানি বার্ষিক ভিত্তিতে প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক মুদ্রার শক্তিশালী রিজার্ভ ও সময়োপযোগী অর্থায়ন বৈশ্বিক তেলের দাম এবং বন্ড মার্কেটের ধাক্কা সামলাতে বিশেষ ঢাল হিসেবে কাজ করছে।
গত দুই বছরে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মূলধন সরিয়ে নেওয়ায় ভারতের পুঁজিবাজারে সাময়িক ওঠানামা দেখা গেলেও বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারের গতিপ্রকৃতি এবং মূল অর্থনীতির বাস্তবতার মধ্যে বড় পার্থক্য রয়েছে। বাজার স্বল্পমেয়াদে ভাবাবেগে পরিচালিত হলেও দীর্ঘমেয়াদে করপোরেট খাতের প্রকৃত উপার্জনের ওপর ভিত্তি করেই দাঁড়ায়।
ন্যাশন্যাল স্টক এক্সচেঞ্জের তথ্যানুযায়ী, ভারতের অভ্যন্তরীণ আর্থিক সঞ্চয়ের পরিমাণ বার্ষিক প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। বিদেশী বিনিয়োগের সাময়িক ঘাটতি থাকা সত্ত্বেও বিশাল এই দেশীয় পুঁজি ভারতের বাজার ও বিনিয়োগের তারল্য ধরে রাখতে প্রধান সুরক্ষা কবচ হিসেবে কাজ করে চলেছে।
