লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

অর্থনীতি স্লাইড

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বিদ্যমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে একই পরিমাণ তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ, প্রতি লিটার সয়াবিন তেল কিনতে ভোক্তাদের আগের তুলনায় ৫ টাকা বেশি খরচ করতে হবে। অন্যদিকে পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। তার আগে এই তেলের দাম ছিল ১৯৫ টাকা। ফলে কয়েক মাসের ব্যবধানে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *