পর্তুগাল জাতীয় ফুটবল দল ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যকার সম্পর্ক এখন খাদের কিনারায় দাঁড়িয়েছে। এর মধ্যে আবার নতুন এক বিতর্ক উসকে দিয়েছেন এই মহাতারকা।
পর্তুগিজরা রোনালদোর সঙ্গে যেভাবে আচরণ করছে, আর আর্জেন্টাইনরা যেভাবে লিওনেল মেসিকে সম্মান দেয়—এই দুইয়ের মধ্যে এক আকাশ-পাতাল পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান সাবেক মিডফিল্ডার ফেলিপ মেলো।ব্রাজিলিয়ান স্পোর্টস স্টেশন স্পোর্টভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তুলনা করেন। এমন একটি ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল প্ল্যাটফর্মে।
ভিডিওতে দেখা গেছে—ব্রাজিলিয়ান সাবেক মিডফিল্ডার বলেছেন, আমি দেখি প্রতিপক্ষরা যখন রোনালদোর বিরুদ্ধে খেলে, তারা তাকে অনেক বেশি সম্মান দেখায়।
অথচ নিজের দেশেই তাকে অবমূল্যায়ন করা হচ্ছে। বর্তমান পর্তুগাল দলে কেউ রোনালদোর অর্জনের ধারেকাছেও নেই। তাকে এভাবে অবহেলার মধ্য দিয়ে দল ছাড়তে দেওয়া কোনোভাবেই ঠিক নয়।ভাইরাল হওয়া ভিডিও একটি ক্লিপ ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়লে তাতে রোনালদোর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই পোস্টে ‘লাইক’ দিয়েছে।
এই লাইকের মাধ্যমে রোনালদো স্পষ্ট বার্তা দিয়েছেন—মেলোর করা পর্তুগাল দলের সমালোচনার সঙ্গে তিনি সম্পূর্ণ একমত। এতে পরোক্ষভাবে নিজের দেশের মানুষ ও সতীর্থদের দিকেই এবার আঙুল তুললেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।
রোনালদোর এই ক্ষোভের সূত্রপাত চলতি সপ্তাহে উয়েফা নেশনস লিগের ম্যাচ চলাকালীন। নরওয়ের বিপক্ষে পর্তুগাল ২-১ ব্যবধানে জয় পেলেও নতুন কোচ জর্জে জেসুস পুরো ম্যাচে অধিনায়ক রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখেন।
ম্যাচ শেষে রোনালদোকে ভীষণ ক্ষুব্ধ দেখায় এবং এর পরপরই জেসুস ও ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েনসার সঙ্গে এক জরুরি বৈঠকের পর তিনি জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান।