এমনটা হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি বাংলাদেশ। ভাববে কী করে? ডারউইন টেস্ট জয়ের সুখ স্মৃতি নিয়ে খেলতে নামা বাংলাদেশের এমনটা তো কল্পনাই করার কথা নয়।
কতটা সেটা স্কোরকার্ড দেখলে স্পষ্ট হবে। দলীয় ১২ রানে নেই ৫ উইকেট।
ইনিংসের প্রথম বল থেকে বিপদ শুরু হয় বাংলাদেশের। স্টার্কের করা ফুল লেন্থের বল খেলতে গিয়ে ক্যামেরন গ্রিনকে গালিতে ক্যাচ দেন সাদমান ইসলাম। ফিরতি ওভারে প্রথম দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে রানের খাতা খোলার আগে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। যদিও পরে পাননি তিনি।
আউট হওয়া প্রথম তিন ব্যাটারই ‘ডাক’ মারেন। ইনিংসের ৫ ওভারে মমিনুল হককেও আউট করেন স্টার্ক। ৯ রান করে ড্রেসিংরুমে ফেরেন বাঁহাতি ব্যাটার। আর সপ্তম ওভারে লিটন দাসকে শূন্যে রানে এলবিডব্লিউ করে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন অজি পেসার।
মেহেদী হাসান মিরাজকে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টা করছিলেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ ব্যাটার একের পর এক ডিফেন্স করে ৪২ বল খেললেও শেষ পর্যন্ত ফিরেই গেলেন। ব্যক্তিগত ৫ রানের সময় প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে। তাতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২১ রানে ৬ উইকেটে।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৬ উইকেটে ২৭। ৯ রান করা মিরাজকে সঙ্গ দিচ্ছেন হাসান মাহমুদ। ২ রানে ক্রিজে আছেন এই পেসার।
