আখতারুজ্জামানের মুক্তি দাবি জামায়াত আমীরের

রাজনীতি স্লাইড

সেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

শুক্রবার (২ অক্টোবর) এক স্ট্যাটাসে জামায়াত আমীর বলেন, ‘আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি।’

শফিকুর রহমান আখতারুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জামায়াত আমির বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা ও তাদের সাথে অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন। তার ভাষা কী ছিল সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা।’

শেষে জামায়াত আমীর বলেন, ‘অতএব বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে এ হয়রানিমূলক গ্রেপ্তার করে থাকলে, অশনি সংকেত! ভুক্তভোগী জনগণ এটা কোনো অবস্থাতেই মেনে নেবেন না।’

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বৃহস্পতিবার রাতে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়। শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *