বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার ওপর জোর

জাতীয় স্লাইড

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

গতকাল শনিবার রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ও মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনের অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে চায় ওয়াশিংটন।’ তিনি দুই দেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা এবং চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সরকার কাজ করছে। প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালও দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন।

এদিকে গতকাল গুলশানের বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে ‘আমেরিকান ফেয়ার ইন দ্য পার্ক’ অনুষ্ঠানে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস স্বাধীনতা, আত্মশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক। সেই ইতিহাস ও মূল্যবোধ বাংলাদেশের মানুষের সঙ্গে আরও বেশি করে ভাগ করে নিতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও জনগণকে আরও ভালোভাবে জানার আগ্রহও রয়েছে তাদের। তিনি জানান, ‘আমেরিকা সপ্তাহ’ উপলক্ষে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে কর্মসূচি নেওয়া হয়েছে।

গতকাল শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের নকশা করেছেন মার্কিন স্থপতি লুই আই কান, আর আধুনিক স্থাপত্য প্রকৌশলে বিশ্বজুড়ে অবদান রেখেছেন বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খান। এ ধরনের অবদান দুই দেশের ঐতিহাসিক সংযোগের প্রতীক। অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের সহায়তার কথা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *