ভবিষ্যতে নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করো: প্রধানমন্ত্রী

জাতীয় স্লাইড

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ।

তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক। এ সময় প্রধানমন্ত্রী তাদের উদ্দেশে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাৎকালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে সরকার কাজ করছে।

বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে।

পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, সরকার চায়, শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক।

এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

তারা প্রধানমন্ত্রীকে তাদের নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান। পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে চকোলেট তুলে দেন।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ : এ ছাড়া গতকাল ঢাকার নবাবগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ ৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় শিক্ষার্থীদের সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, পড়ালেখা শেষে শিক্ষার্থীরা চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, বিজ্ঞানী কিংবা শিক্ষক—যে পেশাতেই যাক না কেন, সমাজ ও দেশের প্রতি দায়িত্বের কথা মনে রাখতে হবে। প্রত্যেক মানুষের নিজের পাশাপাশি চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক হলে সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চা করতে হবে। জানতে হবে দেশের ইতিহাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। শুধু মুখস্থ করে পরীক্ষা দেওয়া বা ভালো ফল করাই শিক্ষার উদ্দেশ্য নয়। এর বাইরেও অনেক কিছু জানার ও শেখার রয়েছে। এসব জ্ঞান শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রস হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *