ইতিহাসে নতুন মাইলফলক, রূপপুরের বিদ্যুৎ পৌঁছল জাতীয় গ্রিডে

জাতীয় স্লাইড

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগোল বাংলাদেশ। প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

দীর্ঘদিনের অপেক্ষার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরীক্ষামূলক প্রক্রিয়া শুরু হল। মঙ্গলবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকল্প সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এই সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।

পরীক্ষার পর প্রয়োজনীয় কারিগরি পর্যবেক্ষণের জন্য কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর ফের ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডের সঙ্গে যুক্ত করে বিভিন্ন পরীক্ষা চালানো হবে। কোনও ধরনের কারিগরি সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রকল্পের কর্মকর্তাদের দাবি, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইন-সহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের প্রস্তুতিও রয়েছে। তবে স্থায়ীভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আগে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা সম্পন্ন করতে হবে।

সব পরীক্ষা সফল হলে আগামী ২১ নভেম্বর অথবা নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে প্রকল্প সূত্রে জানা গিয়েছে।

২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার সহযোগিতায় নির্মিত হচ্ছে। ২০১৩ সালের ২ অক্টোবর প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ২০১৭ সালের ৩০ নভেম্বর প্রথম ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পে মোট দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। অর্থাৎ, দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ১৩ হাজার কোটি টাকারও বেশি।

প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়াকে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *