রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় স্লাইড

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী এক দিনের এই ঝটিকা সফরে তিন বিভাগের তিনটি জেলায় যাবেন এবং পূজামণ্ডপগুলোতে উপস্থিত পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। চট্টগ্রাম সফর শেষে মঙ্গলবার রাতেই তিনি ঢাকায় ফিরবেন।

ব্যস্ততাপূর্ণ সফরসূচি:

রংপুর সফর: মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। তিনি সৈয়দপুর বিমানবন্দরে নেমে সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন।

রাজশাহী সফর: রংপুর থেকে বিমানে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তিনি। এরপর রাজশাহী সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের এক জনসভায় ভাষণ দেবেন।

চট্টগ্রাম সফর: রাজশাহী থেকে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নিয়ে রাতে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার মহাসমারোহে উদযাপিত হবে দুর্গাপূজার মহানবমী এবং পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *