শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন আটক

জাতীয় স্লাইড

 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ একলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট এবং আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোনের সর্বমোট আনুমানিক মূল্য এবং প্রযোজ্য শুল্ক-কর মিলে দাঁড়ায় প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা। বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে একযোগে এত বড় সিগারেটের চালান জব্দের ঘটনা বিরল বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে, সোমবার সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি-১৪৮’ ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে অবৈধ মালামাল চোরাচালানের গোপন তথ্য আগে থেকেই সিআইআইডির গোয়েন্দা দলের কাছে ছিল। ফলে বিমানটি রানওয়ে স্পর্শ করার পর পরই কাস্টমস গোয়েন্দারা সতর্ক অবস্থান নেন এবং যাত্রীদের ওপর কড়া নজরদারি শুরু করেন।

অভিযান চলাকালে সন্দেহভাজন তিন যাত্রীকে শনাক্ত করে তাদের ব্যাগেজ তল্লাশি করা হয়। এর মধ্যে মো. মঈনুল আবদিন নামের এক যাত্রীর ব্যাগেজ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টনসহ মোট ২৬৪ কার্টন সিগারেট এবং চারটি আইফোন উদ্ধার করা হয়। দ্বিতীয় যাত্রী আবদুল মান্নানের ব্যাগ তল্লাশি করে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টনসহ মোট ২৪৬ কার্টন সিগারেট এবং আরও চারটি আইফোন জব্দ করা হয়। পরবর্তীতে নুরুল আলম রিয়াদ নামের আরেক যাত্রীর কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন ও ইজি ব্র্যান্ডের সাত কার্টনসহ মোট ২৭২ কার্টন সিগারেট এবং পাঁচটি আইফোন উদ্ধার করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এই তিন যাত্রীর কাছ থেকেই মোট ৭৮২ কার্টন সিগারেট এবং ১৩টি সর্বাধুনিক আইফোন উদ্ধার করা হয়।

তবে অভিযানের সবচেয়ে চাঞ্চল্যকর ও বড় অংশটি উন্মোচিত হয় বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে। উক্ত বিজি-১৪৮ ফ্লাইটে আসা মালিকানাবিহীন কয়েকটি ব্যাগেজ বেল্টে ঘুরতে দেখে কাস্টমস কর্মকর্তারা সন্দেহ প্রকাশ করেন। পরবর্তীতে সেই পরিত্যক্ত ব্যাগেজগুলো খুলে তল্লাশি চালিয়ে সেখান থেকে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়। পরিত্যক্ত ব্যাগেজ ও তিন যাত্রীর মালামাল মিলিয়ে এই একটি ফ্লাইট থেকেই সর্বমোট ১ হাজার ৮০২ কার্টন সিগারেট জব্দ করতে সক্ষম হয় গোয়েন্দা দল।

জব্দ করা মালামাল ও শুল্ক-করের সুনির্দিষ্ট হিসাব প্রকাশ করেছে সিআইআইডি। আটককৃত ১ হাজার ৮০২ কার্টন সিগারেটের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৭৪ লাখ ৮ হাজার টাকা। বিদ্যমান আইন অনুযায়ী বিদেশি সিগারেটের ওপর ৬২১ শতাংশ হারে শুল্ক ও কর প্রযোজ্য, যার অঙ্ক প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা। অন্যদিকে উদ্ধার হওয়া ১৩টি আইফোনের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা। ৫৮ শতাংশ হারে এসব মোবাইল ফোনের ওপর প্রযোজ্য শুল্ক-কর হিসাব করা হয়েছে ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা। ফলে পণ্যগুলোর নিজস্ব মূল্য ও প্রযোজ্য শুল্ক-কর যোগ করে সর্বমোট পরিমাণের মূল্য দাঁড়িয়েছে ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

একই ফ্লাইটে একাধিক যাত্রীর কাছে বিপুল পরিমাণ অবৈধ পণ্য আনা এবং ব্যাগেজ বেল্টে মালিকানাহীন অবস্থায় এক হাজারেরও বেশি কার্টন সিগারেট রেখে সটকে পড়ার কৌশলকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন কাস্টমস গোয়েন্দারা। এটি কোনো সংগঠিত আন্তর্জাতিক চোরাচালান চক্রের কাজ কি না এবং এর সাথে বিমানবন্দরের ভেতর বা বাইরের আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ব্যাপক তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *