শাহজালাল বিমানবন্দরে ৪ ফ্লাইটে অভিযান, স্বর্ণসহ বিপুল অবৈধ পণ্য জব্দ

জাতীয় স্লাইড

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে একাধিক ফ্লাইটের যাত্রীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইডি)। গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্টের সি-শিফটের পৃথক অভিযানে ১৩৩ গ্রাম স্বর্ণ, শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।

ট্রলির গোপন স্থানে ১৩৩ গ্রাম স্বর্ণ

গোপন সংবাদে জানা যায়, শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল১৮৯ (কলম্বো–ঢাকা) ফ্লাইটে এক যাত্রী অবৈধভাবে স্বর্ণ নিয়ে ঢাকায় আসবেন। তথ্য পাওয়ার পর সি-শিফটের কর্মকর্তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে সতর্ক নজরদারি শুরু করেন। ফ্লাইটটি আনুমানিক দুপুর ১২টায় অবতরণের পর ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে যাত্রী MD PARVEZ গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়।

একপর্যায়ে গোয়েন্দা কর্মকর্তারা তাঁর ব্যবহৃত ট্রলির বিশেষভাবে তৈরি গোপন (কনসিলড) স্থানে কৌশলে লুকিয়ে রাখা ১৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন। একইভাবে তাঁর লাগেজের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ২ হাজার ৫৮৯ পিস ওষুধ। এসব ওষুধ আমদানির বৈধ অনুমতিপত্র ও প্রয়োজনীয় প্রাসঙ্গিক নথি দেখাতে ব্যর্থ হন ওই যাত্রী। পরে স্বর্ণ ও ওষুধসহ সংশ্লিষ্ট পণ্যগুলো ডিএমের মাধ্যমে আটক করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

এআই২৩৭-এ মিলল বিদেশি মদ

পৃথক আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটে আগত যাত্রী জনি মিয়ার ব্যাগেজ তল্লাশি করে ৬ লিটার গ্র্যান্টস ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

ইকে০৫৮৬-এ সিগারেট ও শত শত সিরাম

একই দিনে এমিরেটসের ইকে০৫৮৬ ফ্লাইটে আগত যাত্রী মো. মিজানুর রহমানের ব্যাগেজ তল্লাশি করে ২৯ কার্টন সিগারেট এবং ৭০৮ পিস পাকিস্তানি হোয়াইটিং সিরাম আটক করেন সি-শিফটের কর্মকর্তারা। আটককৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৯ হাজার ১০০ টাকা।

বিএস৩১৬-এ ৩০ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম

অপর এক অভিযানে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩১৬ ফ্লাইটে আগত যাত্রী সুমা বেগমের ব্যাগেজ তল্লাশি করে ৩০ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম আটক করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।

একদিনেই ৪২ লাখ ৮৮ হাজার টাকার পণ্য আটক

১৫ আগস্টের সার্বিক অভিযানে সি-শিফট ১৩৩ গ্রাম স্বর্ণ, ২,৫৮৯ পিস ঔষধ, ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ আটক করেছে। সব মিলিয়ে আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।

উল্লেখ্য, যাত্রী প্রোফাইলিং এবং নিবিড় নজরদারির সমন্বয়ে একই দিনে একাধিক ফ্লাইটে পরিচালিত এসব অভিযান বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে সিআইআইডির সক্রিয় তৎপরতার প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *