টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস

জাতীয় স্লাইড

 

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সংস্থাটি জানায়, মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে রাজস্থান ও পার্শ্ববর্তী অঞ্চলে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং তা মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে যুক্ত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থা মাঝারি পর্যায়ে রয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে এবং তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না; সোমবার (৩ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, এদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে; আর মঙ্গলবার (৪ আগস্ট) দেশের আট বিভাগেই অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে, এদিন দিন ও রাত—উভয় সময়ের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (৫ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *