বিচ্ছেদ জীবনের অন্যতম কষ্টকর অভিজ্ঞতা। হঠাৎ কোনো সম্পর্কের সমাপ্তি মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। বুকের ভেতর জমে থাকা শোক, একাকিত্ব ও অস্থিরতা অনেক সময় দৈনন্দিন জীবনযাপনেও প্রভাব ফেলে। বিচ্ছেদের পর প্রথম এক সপ্তাহ তাই মানসিকভাবে অত্যন্ত কঠিন হতে পারে। এ সময় আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে নিজেকে স্থির রাখার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।
মনোবিজ্ঞানীদের মতে, বিচ্ছেদের পর প্রথম সপ্তাহের প্রধান লক্ষ্য হওয়া উচিত ‘সামনে এগিয়ে যাওয়া’। তবে এর অর্থ এই নয় যে দ্রুত সাবেক সঙ্গীকে ভুলে যেতে হবে। বরং নিজের অনুভূতিগুলোকে স্বীকার করে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে হবে।
তারা বলেন, বিচ্ছেদের পর সাবেক সঙ্গীর সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম বারবার দেখা, পুরোনো ছবি ও বার্তা ঘাঁটা, তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন কি না তা খোঁজ নেওয়া কিংবা শুধু ভালোবাসতেন কি না জানার জন্য আবার যোগাযোগ করার প্রবণতা থেকে বিরত থাকা উচিত। একইভাবে প্রতিশোধ নেওয়ার মানসিকতা, দ্রুত নতুন সম্পর্কে জড়ানো বা মাদকজাতীয় ক্ষতিকর উপায়ে কষ্ট ভুলে থাকার চেষ্টাও এড়িয়ে চলতে হবে।
যে পাঁচটি পরামর্শ মেনে চলবেন-
১. দৈনন্দিন মৌলিক বিষয়গুলো ঠিক রাখুন
নিয়মিত ঘুম, খাবার ও পর্যাপ্ত পানি পান এবং শারীরিকভাবে কিছুটা সক্রিয় থাকার চেষ্টা করতে হবে। মানসিক চাপের কারণে ক্ষুধা, ঘুম ও কর্মশক্তিতে পরিবর্তন আসতে পারে। অল্প সময় হাঁটা, গোসল করা কিংবা সময়মতো একটি পূর্ণাঙ্গ খাবার খাওয়াও শরীর ও মনকে কিছুটা স্থির করতে পারে।
২. অনুভূতিকে চেপে না রেখে প্রকাশ করুন
দুঃখ, রাগ কিংবা একাকিত্বকে জোর করে চেপে রাখার প্রয়োজন নেই। প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট নিজের অনুভূতি নিয়ে লিখতে, কাঁদতে কিংবা নীরবে তা উপলব্ধি করতে পারেন। নিজের আবেগের নাম দিতে পারলে সেটিকে নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ হয়।
৩. ডিজিটাল উদ্দীপনা কমিয়ে দিন
সাবেক সঙ্গীর সামাজিক যোগাযোগমাধ্যম, পুরোনো ছবি, বার্তা কিংবা অনলাইন কার্যক্রম বারবার দেখলে মানসিক ক্ষত আরও সক্রিয় হতে পারে। তাই প্রয়োজন হলে এসব থেকে সাময়িক দূরত্ব তৈরি করা ভালো। এটি অভিমান বা অপরিপক্বতার প্রকাশ নয়; বরং মানসিকভাবে নিজেকে কিছুটা জায়গা দেওয়ার উপায়।
৪. কাছের মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন
বিচ্ছেদের পর নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে। এর পরিবর্তে বিশ্বাসযোগ্য এক-দুজন মানুষের সঙ্গে যোগাযোগ রাখা উচিত। সবসময় পরামর্শের প্রয়োজন নেই; কারও সঙ্গে বসে থাকা, হাঁটতে যাওয়া কিংবা একসঙ্গে খাবার খেলেও মানসিক চাপ কিছুটা কমতে পারে।
৫. আবেগের মধ্যে বড় সিদ্ধান্ত নেবেন না
প্রথম সপ্তাহে আবেগ অত্যন্ত তীব্র থাকতে পারে। তাই হঠাৎ নতুন সম্পর্কে জড়ানো, চাকরি ছেড়ে দেওয়া, অতিরিক্ত মদ্যপান কিংবা সাবেক সঙ্গীকে বারবার বার্তা পাঠানোর মতো সিদ্ধান্ত এড়িয়ে চলা উচিত। দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে সময় দিতে হবে।
মনোবিজ্ঞানীর মতে, সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া কখনোই সরলরেখায় এগোয় না। একদিন ভালো লাগতে পারে, বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে স্বাভাবিকও মনে হতে পারে; আবার পরদিন তীব্র কান্না বা বিষণ্নতা ফিরে আসতে পারে। এটি পিছিয়ে যাওয়ার লক্ষণ নয়।
তারা বলেন, দীর্ঘ সময় ধরে তীব্র দুঃখ, উদ্বেগ, ঘুম বা ক্ষুধার পরিবর্তন কিংবা নিজের ক্ষতি করার চিন্তা দেখা দিলে অবশ্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া উচিত।
