যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: পাকিস্তানের ২ শহরে লকডাউন পরিস্থিতি, ছুটি ঘোষণা

আন্তর্জাতিক স্লাইড

 

ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে পাকিস্তান। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা এবং লকডাউনের মতো চলাচলে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা করে ক্যাবিনেট ডিভিশন। দেশটির বর্তমান চার দিনের কর্মসপ্তাহ অনুযায়ী শুক্রবার (১০ এপ্রিল) আগেই ছুটি ছিল। এর সঙ্গে শনিবার ও রোববার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিনের জন্য সরকারি কার্যক্রম বন্ধ থাকবে।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা ৯ ও ১০ এপ্রিল দুই দিনের ছুটি ঘোষণা করেছেন। ফলে রাওয়ালপিন্ডিও ইসলামাবাদের ছুটির সময়সূচির সঙ্গে সমন্বিত হয়েছে।

ঘোষণা অনুযায়ী, ইসলামাবাদের সব সরকারি অফিস এই সময়ে বন্ধ থাকবে। কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ছুটির সময় শহর ছাড়তে নিষেধ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট, ইসলামাবাদ হাইকোর্ট এবং নির্বাচন কমিশনও দুই দিনের জন্য বন্ধ থাকবে।

বিদেশি প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে ইসলামাবাদজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেড জোন এবং আশপাশের এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র সরকারি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

এই পদক্ষেপগুলোর লক্ষ্য হলো কূটনৈতিক প্রতিনিধিদলের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা। আগামীকাল শুক্রবার দুদেশের মাঝে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। ইসলামাবাদ ট্রাফিক পুলিশ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর আহ্বান জানিয়েছে, বিশেষ করে রেড জোন এলাকায়। যানজট নিয়ন্ত্রণে এক্সপ্রেস হাইওয়েতে বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে ভারী যানবাহনের ইসলামাবাদে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে, সরকারি ছুটি, সড়ক বন্ধ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির স্বাভাবিক জনজীবনে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *