যুক্তরাষ্ট্রের অস্ত্রসংকটের কথা ফাঁস করলেন মার্কিন জেনারেল

আন্তর্জাতিক স্লাইড

 

ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার মতো পর্যাপ্ত অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে নেই বলে সতর্ক করেছেন মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল। বিষয়টি নিয়ে পেন্টাগনে পাঠানো একটি গোপন বার্তা ফাঁস হওয়ার পর তা প্রকাশ্যে এসেছে।

মার্কিন ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকিউইচ সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ঘিরে নৌ অবরোধের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ ছড়িয়ে পড়ছে। এতে ইসরায়েলকে প্রতিরক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেয়ার সক্ষমতা কমে যেতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষায় দীর্ঘদিন ধরে পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের পাঁচটি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এসব জাহাজে শক্তিশালী রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা রয়েছে।

কিন্তু ইরানে অবরোধ জারির কারণে মার্কিন সামরিক সম্পদ এখন মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অস্ত্রসংকটের কারণে ইউরোপে অবস্থানরত মার্কিন বাহিনীকে ইসরায়েলের পরিবর্তে নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হতে পারে বলে জানিয়েছেন গ্রিনকিউইচ।

এদিকে ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখতে আরব সাগরে যুক্তরাষ্ট্রের ১১টি যুদ্ধজাহাজ ও দুটি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার জবাবে ট্রাম্প প্রশাসন এই অবরোধ আরোপ করে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ একসময় এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

এর আগে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার অস্ত্রের মজুত কমে আসায় ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *