১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ

শিক্ষা স্লাইড

 

আগামী ১৫ জুলাই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ জুলাই (বুধবার) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে নির্ধারিত সময়ে ফলজ, বনজ ও ওষুধি এই তিন শ্রেণির সমন্বয়ে মোট পাঁচটি করে গাছের চারা রোপণ করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেয়া হয়েছে। অধিদপ্তর বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে। এ নির্দেশনার অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকের ব্যক্তিগত সহকারিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *