ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে ১১.৯২ টাকা

অর্থনীতি স্লাইড

ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি লিটার ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। নতুন দর আজ রাত ১২টার পর কার্যকর হবে। বুধবার এ-সংক্রান্ত আদেশ জারি করে বিইআরসি। বিদ্যুৎ উৎপাদনে দেশে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহৃত হয়। ফলে দাম বাড়ায় জ্বালানি তেলনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বাড়তে পারে।

এর আগে টানা দুই মাস ফার্নেস অয়েলের দাম কমিয়েছিল কমিশন। গত ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়। পরের দুই মাসে তা আরও কমে ৯৬ টাকা ৮৬ পয়সায় নামে। এবার এক ধাক্কায় ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হলো।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করছে বিইআরসি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের এখতিয়ার কমিশনকে দেওয়া হয়। জানুয়ারিতে গণশুনানির পর ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে নতুন দর ঘোষণা করছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *