দুই বছর পর নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি স্লাইড

 

প্রায় দুই বছর পর বাংলাদেশ ব্যাংক স্বল্পমেয়াদি ঋণের নীতিগত সুদহার (পলিসি রেট) ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯.৫০ শতাংশে নামিয়েছে। উচ্চ মূল্যস্ফীতির মাঝেও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মনিটারি পলিসি কমিটির (এমপিসি) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামী শনিবার (২ আগস্ট) থেকে নতুন হার কার্যকর হবে।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে রেপো রেট ৯.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছিল এবং এরপর দীর্ঘ সময় ধরে সেই হারই অপরিবর্তিত রাখা হয়। গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথম ছয় মাসের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি বজায় রেখে বাংলাদেশ ব্যাংক ১০ শতাংশ পলিসি রেট বহাল রাখে। তবে মাত্র এক মাসের ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত পরিবর্তন করে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে আনে।

আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে মনিটরি পলিসি কমিটি (এমপিসি) সভা হয়। সভায় মুদ্রানীতি কমিটির সদস্যদের পরামর্শক্রমে পলিসি রেট ৫০ শতাংশ বেসিস পয়েন্ট কমিয়ে আনা হয়। বাংলাদেশ ব্যাংক জানায়, অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনৈতিক চলকসমূহের গতিপ্রকৃতি পর্যালোচনান্তে মুদ্রানীতির মূল হাতিয়ার হিসেবে বিবেচিত নীতি সুদহার (রেপো রেট) বিদ্যমান ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯.৫০ শতাংশ করা হয়েছে।

একই সঙ্গে সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে বিবেচিত স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) রেট ১১.৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট ৭.৫০ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *