নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। দীর্ঘদিন ব্যক্তিগত জীবন আড়ালে রাখা এই তারকা বিয়ে করেছেন এবং পাত্রের নাম সিদ্ধার্থ দত্ত। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেই ভক্তদের এই সুখবর দেন।
অভিনেত্রীর জীবনসঙ্গীর পরিচয় নিয়ে অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কে এই সিদ্ধার্থ দত্ত, তা জানতেই এখন সবার আগ্রহ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিদ্ধার্থ দত্ত তারকাদের জগতের বাইরের মানুষ। পেশায় তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার।
তবে পারিবারিক সূত্রে টালিউডের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের দেওর তিনি।
সেই সূত্রেই দীর্ঘদিনের বন্ধু মিমি ও ত্রমিলার সম্পর্ক এবার রূপ নিল আত্মীয়তার সম্পর্কে।
আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে ত্রমিলা জানিয়েছেন, তাঁদের পরিবারের একাধিক সদস্য জাহাজের পেশার সঙ্গে যুক্ত। তাঁর স্বামী জাহাজের ক্যাপ্টেন এবং সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।
মিমিকে অনেক দিন ধরেই চেনেন ত্রমিলা। নতুন এই জুটিকে বেশ মানিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।
দক্ষিণ কলকাতার কসবার বাড়িতে ছিমছাম আয়োজনে বাগ্দান ও আইনি বিয়ে সেরেছেন মিমি ও সিদ্ধার্থ। বিশেষ এই দিনে সোনালি জরির কাজ করা পোশাকের সঙ্গে সবুজ পাথরের অলংকারে সেজেছিলেন অভিনেত্রী।
অন্যদিকে সিদ্ধার্থ বেছে নিয়েছিলেন সাদা পাঞ্জাবি-পায়জামা। ঘরোয়া এই আয়োজনে দুজনকেই বেশ স্নিগ্ধ ও সাবলীল লাগছিল।
বিশেষ এই দিনে মিমির পাশে ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু পোশাকশিল্পী অভিষেক রায় ও অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।
নিজের বিয়ের খবর গোপন রাখতে চেষ্টার কমতি করেননি মিমি চক্রবর্তী। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল তাঁদের বিয়ের একটি আমন্ত্রণপত্র।
ওই আমন্ত্রণপত্রে বর-কনের পাশাপাশি অভিনেত্রীর তিন পোষ্যের ছবি থাকায় নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। এ বিষয়ে প্রশ্ন করা হলেও বিষয়টি হাসি-ঠাট্টায় এড়িয়ে গিয়েছিলেন মিমি।
কলকাতায় আইনি বিয়ে পর্ব সম্পন্ন হলেও নবদম্পতির বিয়ের মূল আনুষ্ঠানিকতা হবে পাহাড়ে। আগামী ৩ ডিসেম্বর নৈশভোজের মধ্য দিয়ে শুরু হবে তিন দিনের এই উৎসব।
পরদিন বসবে মেহেদি ও সংগীতের জমকালো আসর। সবশেষে ৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়বেন মিমি ও সিদ্ধার্থ।
বড় তারকাসমাবেশের বদলে পরিবার ও কাছের মানুষদের সান্নিধ্যেই জীবনের নতুন এই অধ্যায় উদ্যাপন করতে চান অভিনেত্রী।
