সাইবার হামলার কবলে সিআইএ ও ওডিএনআই

আন্তর্জাতিক স্লাইড

যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের তালিকায় এবার যুক্ত হলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের (ওডিএনআই) নাম। সাইবার হামলার মাধ্যমে সংস্থা দুটির অগোপনীয় বা আনক্লাসিফায়েড তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।

বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, এই হ্যাকিংয়ের ফলে সংস্থাগুলোর অগোপনীয় তথ্য প্রভাবিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান ওডিএনআই এবং সিআইএ-র যৌথ নেটওয়ার্কের একটি অংশে এই হামলা চালানো হয়।

একটি সূত্র জানায়, উন্মুক্ত উৎস বা ওপেন-সোর্স থেকে গোয়েন্দা তথ্য বিশ্লেষণের জন্য সংস্থাগুলো যে সিস্টেম ব্যবহার করে, অনুপ্রবেশটি ঠিক সেখানেই ঘটেছে। তথ্য ফাঁসের পূর্ণাঙ্গ মাত্রা এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে কোনো গোপনীয় বা সংবেদনশীল তথ্য এতে ক্ষতিগ্রস্ত হয়নি।

ওডিএনআই-এর এক কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন, গুরুত্বপূর্ণ সক্ষমতা বা গোপনীয় সিস্টেমগুলোতে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। সাম্প্রতিক বছরগুলোতে ওডিএনআই ওপেন-সোর্স গোয়েন্দা কার্যক্রমে বিনিয়োগ বাড়িয়েছে, যা সাধারণত অগোপনীয় শ্রেণিভুক্ত হয়ে থাকে।

দুটি সূত্র জানিয়েছে, প্রাথমিক লক্ষণগুলো ইঙ্গিত দিচ্ছে যে এই হ্যাকিংয়ের উৎস হতে পারে চীন। তবে এই সাইবার অনুপ্রবেশের পেছনে দেশটির সরকার সরাসরি জড়িত কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

হ্যাকিংয়ের ঘটনাটি ঠিক কবে ঘটেছে কিংবা এর কারিগরি সমাধান ইতোমধ্যে সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ প্রথম এই অনুপ্রবেশের খবর প্রকাশ করে, যা মার্কিন সরকার এবং বেসরকারি খাতকে নাড়িয়ে দেওয়া ধারাবাহিক সাইবার নিরাপত্তা ঘটনার সর্বশেষ সংযোজন।

এদিকে দুটি সূত্র জানিয়েছে, দেশব্যাপী এফবিআই-এর অপরাধী তথ্যভাণ্ডারে হওয়া সাম্প্রতিক হ্যাকিংয়ের সাথে সিআইএ-র এই ঘটনার কোনো যোগসূত্র নেই বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ব্যাংক, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমকে প্রভাবিত করা একের পর এক বড় প্রযুক্তিগত বিপর্যয় ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় মার্কিন নাগরিকদের দৈনন্দিন জীবনের প্রযুক্তির ওপর আস্থায় বড় ধরনের চিড় ধরিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে বড় ধরনের সিস্টেম ত্রুটির কারণে সারা দেশে ৪ ঘণ্টা ২১ মিনিট সব ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

পরবর্তীতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করে আরকানসাসের একটি মাত্র রাউটারে ওই বিপর্যয়ের উৎস খুঁজে পেয়েছিল। সামান্য একটি রাউটারের ত্রুটি যে পুরো দেশের আকাশপথ অচল করে দিতে পারে, তা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়।

আলাদাভাবে, মাইক্রোসফটের পণ্যগুলোতে বিভ্রাট দেখা দেওয়ায় বিশ্বজুড়ে মানুষ কর্মক্ষেত্রের অপরিহার্য মাধ্যম যেমন আউটলুক ইমেইল অ্যাকাউন্ট এবং টিমস মিটিংয়ে প্রবেশ করতে পারেননি। তবে সাধারণ বাণিজ্যিক বিভ্রাটের চেয়ে এনএসএ-তে বিভ্রাট এবং এফবিআই ও সিআইএ-তে অনুপ্রবেশের ঘটনাই জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সবচেয়ে বেশি সতর্ক করে তুলেছে।

সিএনএন প্রথম জানিয়েছিল যে, অভ্যন্তরীণ যোগাযোগের জন্য এনএসএ যে অতি-গোপনীয় নেটওয়ার্ক ব্যবহার করে, গত সপ্তাহে তা বেশ কয়েক দিন অচল ছিল। দেশের শীর্ষ গোয়েন্দা প্রধান জে ক্লেটন অবশ্য জানিয়েছেন, এর দৃশ্যমান কারণ ছিল একটি সফটওয়্যার আপডেটে ত্রুটি, কোনো সাইবার হামলা নয়।

জর্জিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও এই বিভ্রাটে প্রভাবিত হয়েছিল। ওই স্থাপনা থেকে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংকেত গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়, যেখানে যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে।

এই বিভ্রাটে এনএসএ-র সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহকারী সিস্টেমগুলো অক্ষত ছিল এবং শুক্রবারের মধ্যে সমস্যার সমাধান করা হয়। জানা গেছে, এনএসএ যে সফটওয়্যার দুর্বলতাগুলো সমাধান করছিল, তা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে শনাক্ত হওয়া অসংখ্য নতুন দুর্বলতার মাত্র কয়েকটি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এআই-এর কল্যাণে সরকারি সংস্থা এবং বেসরকারি কোম্পানি উভয়ই তাদের সিস্টেমে একের পর এক নতুন সফটওয়্যার ত্রুটি খুঁজে পাচ্ছে। কিন্তু এসব ত্রুটি দ্রুত সমাধান করতে গিয়ে তাড়াহুড়োয় মাঝেমধ্যে নানা কারিগরি ভুলও হয়ে যাচ্ছে, যা বড় ধরনের নেটওয়ার্ক বিপর্যয় ডেকে আনছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *