বিজনেস ইনসাইডারের প্রতিবেদন: ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক স্লাইড

ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী। পুরনো এসব গোলাবারুদের কোড পরিবর্তন করে সেগুলোকে পুনরায় ব্যবহারের উপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

মঙ্গলবার মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে নিজের নিয়োগ নিশ্চিতকরণের শুনানিতে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন দেশটির নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও।

মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুনানিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’তে ব্যবহৃত অস্ত্রশস্ত্র নিয়ে প্রশ্ন তোলেন সিনেটররা।

অভিযানে বিপুল পরিমাণ ব্যয়বহুল এবং নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম সমরাস্ত্রের ব্যবহার ও সরবরাহ পরিস্থিতি জানতে চাওয়া হলে হাং কাও পুরনো অস্ত্র ব্যবহারের বিষয়টি স্বীকার করেন।

হাং কাও বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’তে ব্যবহৃত অনেক গোলাবারুদের কোড আমরা পরিবর্তন করেছি। সেগুলোর মূল কোড ছিল ‘ইকো’ এবং ‘ফক্সট্রট’, যার অর্থ হলো গোলাবারুদগুলোর মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল।

তিনি আরও জানান, এই সামরিক অভিযানে ব্যবহৃত গোলাবারুদের একটি বড় অংশ পুরোনো মজুত থেকে সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে সেগুলো সংস্কার করে নতুন কোড বসিয়ে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে তোলা হয়।

শুনানিতে ক্ষেপণাস্ত্রের চালিকাশক্তি হিসেবে ব্যবহৃত ‘সলিড রকেট মোটর’-এর পর্যাপ্ত উৎপাদন নিয়েও প্রশ্ন ওঠে। এর জবাবে কাও জানান, উৎপাদন স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্ভাব্য সব ধরনের বিকল্প পথ খতিয়ে দেখছেন।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের শৈশবের দারিদ্র্যের অভিজ্ঞতা টেনে আনেন ভারপ্রাপ্ত নৌসচিব। তিনি পুরোনো সমরাস্ত্রকে ‘বাসি রুটি’র সঙ্গে তুলনা করে সিনেটরদের সামনে একটি ভিন্নধর্মী উদাহরণ দেন।

কাও বলেন, আমি দরিদ্র পরিবারে বড় হয়েছি। তাই আমি জানি, রুটির মেয়াদ ফুরিয়ে গেলেও তা ফেলে দিতে হয় না। সামান্য পানি ছিটিয়ে দিলেই সেটি আবার খাওয়ার উপযোগী হয়ে ওঠে।

তার মতে, ঠিক একইভাবে পুরোনো গোলাবারুদগুলোর কোড পরিবর্তন করে সেগুলো নতুনভাবে কাজে লাগানো সম্ভব হচ্ছে। শুনানিতে দেওয়া তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

শুনানি চলাকালে বেশ কয়েকজন সিনেটরের কঠিন প্রশ্নের মুখে পড়তে হয় হাং কাওকে। মূলত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্থায়ী সচিব পদে তার মনোনয়ন পর্যালোচনা করছে সিনেটের আর্মড সার্ভিসেস কমিটি।

উল্লেখ্য, সাবেক সচিব জন ফেলান পদত্যাগ করার পর গত ২২ এপ্রিল থেকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন হাং কাও। সে সময় ইরানের বিরুদ্ধে পুরোদমে সামরিক অভিযান চালাচ্ছিল মার্কিন বাহিনী। পরে সেপ্টেম্বরে হোয়াইট হাউস তার স্থায়ী নিয়োগের মনোনয়ন সিনেটে পাঠায়।

হাং কাওয়ের এমন মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্রভান্ডারের প্রকৃত সক্ষমতা ও মজুত পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। যুদ্ধের কারণে অস্ত্রভান্ডারে কী পরিমাণ চাপ তৈরি হয়েছে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এর আগে সিনেটের অন্য এক শুনানিতে কাও জানিয়েছিলেন, তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে ওয়াশিংটন। ‘অপারেশন এপিক ফিউরি’র জন্য পর্যাপ্ত গোলাবারুদ নিশ্চিত করতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।

তবে একই সঙ্গে তিনি এও দাবি করেছিলেন যে, যুক্তরাষ্ট্রের কাছে এসব গোলাবারুদের কোনো ঘাটতি নেই। কিন্তু তার এই যুক্তি নিয়ে সন্দিহান সামরিক বিশেষজ্ঞরা। তাদের মতে, আন্তর্জাতিক অস্ত্র বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, তাই তাৎক্ষণিক অভিযানের অজুহাতে তা স্থগিত রাখা খুব একটা গ্রহণযোগ্য নয়।

এদিকে শুনানিতে মেয়াদোত্তীর্ণ অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি হাং কাও। ঠিক কী পরিমাণ মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ইরানে ব্যবহার করা হয়েছে, সেগুলো কোন ধরনের অস্ত্র ছিল কিংবা কোড পরিবর্তনের পর যুদ্ধক্ষেত্রে সেগুলোর কার্যকারিতা কেমন ছিল—তা স্পষ্ট করেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *