তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির নিজস্ব কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এই প্রস্তাব তুলে ধরা হয়।
‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬ : বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এই ব্রিফিংয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। তিনি জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এই নতুন কাঠামোর সুপারিশ করা হয়েছে।
সিপিডির গবেষণায় উঠে এসেছে, ২০২৩ সালে পোশাক শ্রমিকদের জন্য যে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল, ক্রমাগত মূল্যস্ফীতির কারণে তার প্রকৃত ক্রয়ক্ষমতা অনেক কমে গেছে।
বর্তমান বাজারদর ও মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে ২০২৩ সালের সেই ১২ হাজার ৫০০ টাকার মজুরি এখন ১৬ হাজার ৩৫১ টাকার সমান। ফলে পুরনো কাঠামোর মজুরি দিয়ে শ্রমিকদের বর্তমান ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।
সংস্থাটি তাদের বিশ্লেষণে শ্রমিকদের পারিবারিক ব্যয়ের দুটি ভিন্ন স্তর তুলে ধরেছে। সিপিডির হিসাব অনুযায়ী, চার সদস্যের একটি শ্রমিক পরিবারকে কেবল দারিদ্র্যসীমার ওপরে টিকে থাকতে হলে মাসে অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা প্রয়োজন।
অন্যদিকে, একটি শ্রমিক পরিবার যদি ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে চায়, তবে তাদের মাসিক আয়ের পরিমাণ হতে হবে ২৪ হাজার ২০৪ টাকা। এই দুটি পরিসংখ্যানকে ভিত্তি ধরেই আলোচনার মাধ্যমে নতুন মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।
ড. নাজনীন আহমেদ বলেন, দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের জীবনমান উন্নয়ন অপরিহার্য। শ্রমিকরা ভালো থাকলে শিল্পের উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়।
মজুরি নির্ধারণের প্রচলিত প্রক্রিয়ার সংস্কারের দাবি জানিয়ে সিপিডি বলেছে, কেবল মালিক ও শ্রমিকপক্ষের দর-কষাকষির ওপর নির্ভর করে মজুরি ঠিক করা উচিত নয়। এতে অনেক সময় প্রকৃত অর্থনৈতিক চিত্র উপেক্ষিত থাকে।
এর পরিবর্তে একটি বিজ্ঞানসম্মত ও প্রমাণনির্ভর পদ্ধতি চালু করার পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থাটি। এই পদ্ধতিতে জীবনযাত্রার প্রকৃত ব্যয়, মূল্যস্ফীতির হার, শ্রমিকদের উৎপাদনশীলতা এবং শিল্পের আর্থিক সক্ষমতাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে।
ব্রিফিংয়ে আরও উল্লেখ করা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার খরচ যে হারে বেড়েছে, তার সঙ্গে সংগতি রেখে মজুরি সমন্বয় করা না হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে।
তাই সব পক্ষের সঙ্গে খোলামেলা আলোচনার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য মজুরি কাঠামো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ।
